স্পোর্টস ডেস্ক।।
শ্রীলঙ্কায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো টাইগার যুবারা। যুব ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানে অলআউট করে সফরকারী যুবারা। বল হাতে ৬ উইকেট নেন পেসার আল ফাহাদ। তারপর জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের রেকর্ড জুটিতে সহজে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে সেঞ্চুরি হাঁকান জাওয়াদ। ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে জয় কুড়ায় আজিজুল হাকিমের দল। পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায়।
কলম্বোতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। পঞ্চম ওভার থেকেই ফাহাদের বোলিং তোপে পড়েন লঙ্কান ব্যাটাররা। তরুণ এই পেসার একে একে তুলে নেন ছয় উইকেট। ১০২ রানে চার উইকেট হারানোর পর স্বাগতিকদের হাল ধরেন চামিকা হিনাতিগালা ও দিনুরা দামসিথ। ৮১ রানের এই জুটি ভেঙে দেন ফাহাদ। তার বোলিং তোপে ২৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫১ রান আসে চামিকার ব্যাট থেকে। দামসিথ ৪৭ ও দিমানথা মাহাভিথানা ৩৯ রান করেন। ৪৪ রানে ছয় উইকেট নেন ফাহাদ। ইকবাল হোসেন ইমন দুটি এবং সামিউন বশির ও আজিজুল একটি করে উইকেট নেন। সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কালাম সিদ্দিকী (৫) সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে আবরার ও আজিজুল যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে দেশের সর্বোচ্চ ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। এনামুল হক বিজয় ও লিটন দাসের ১৭৯ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তারা। আবরার পান সেঞ্চুরির দেখা। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় তিনি ১৩০ রানে অপরাজিত থাকেন। দেশের হয়ে যুব ওয়ানডেতে এক ইনিংসে বাউন্ডারি থেকে রেকর্ড ৯২ রান করেন তিনি, পেছনে পড়েছে পিনাক ঘোষের ৯০ রান। আজিজুল খেলেন ৮৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস। ৩৪.৩ ওভারে ১ উইকেটে ২১৫ রান করে বাংলাদেশ।











































