Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

30
পাকা বট ফল খেতে এসেছে এক পাখি।

তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আহবান করতে হবে।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ আলাউদ্দিন একথা বলেন। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ-২৫) বিকালে চৌমুহনী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আহছান উল্যাহ তরফদার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহ্বায়ক জি এম মুরশীদ আলী, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক শরীর আঃ রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, উপজেলা তরুনদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। এসময়ে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, ইদ্রীস আলী সরদার, মোস্তফা মাহমুদ, আব্দুল জলিল মোড়ল, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, সদস্য সচিব শিমুল হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ইউসুফ, কৃষক দলের আহবায়ক বাবলুর রহমান সরদার, সদস্য সচিব হামিদুল ইসলাম, তাতিদলের আহবায়ক শেখ আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠান সফল করতে ইউনিয়ন বিএনপির সমন্বয়ক হাফিজুর রহমান শিমুল, সফিরউদ্দীন সবুজ, আজিজুর রহমান ও আলিম আল রাজী তাপস সকলকে নিয়ে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

পাইকগাছায় ঘর ভাঙচুর করে বাগানবাড়ি দখল চেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর করে বাগানবাড়ির জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’পক্ষকে শান্তিপুর্ণ অবস্থানে থাকতে বলেছেন।
চাঁদখালী’র দেবদুয়ার শেখ পাড়ায় জমি নিয়ে বিরোধের এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, দেবদুয়ার শেখ পাড়ার মৃতঃ শেখ সৈয়দুর রহমানের মেয়ে শাহিদা বেগম দিংদের সাথে ভিটেবাড়ীর ১১শতক মূল্যবান জমি নিয়ে স্থানীয় মৃত গোলাম মোহাম্মদ এর ছেলে গোলাম ইকবলের সাথে বিরোধ দীর্ঘদিনের।
শাহিদা বেগমের অভিযোগ, বিরোধের সুত্র ধরে গত ১০ মার্চ ভোরে প্রতিপক্ষ গোলামের লোকজন পরিকল্পিত ভাবে আমার বসত ঘরের বেড়া ভাংচুর করে ভিটেবাড়ির জমি দখল চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে চড়-থাপ্পড় দেয়। এক পর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।
শাহিদার ছোট চাচা শেখ আঃ বারি ( ৭০) অভিযোগ করেন, গোলাম ইকবাল আমার ভাইয়ের কাছ থেকে ৩৩ শতক জমি ক্রয় করে এ পর্যন্ত ৪৪ শতক জমি জোর করে দখলে রাখেন। শেষ পর্যন্ত গ্রামের মানুষের সহযোগিতায় ভাইজি শাহিদা তার ভাই-বোনদের পক্ষে ১১শতক জমিতে ঘর বেঁধে বসবাস করছে। এখন সেটা সম্পর্নূ ভাঙার পায়তারা করছে ওরা। তবে অভিযোগ সম্বন্ধে গোলাম ইকবাল জানান, ক্রয়কৃত জমি থেকে প্রতিপক্ষরা উচ্ছেদের পায়তারা করলে আমি অনুপায় হয়ে আদালতের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা থানার এসআই মুস্তাফিজ জানান, জমির বিরোধে এক পক্ষের থানায় অভিযোগ ও অন্যপক্ষ আদালত এমআর মামলা করেছেন।

নড়াইলে মুকুলে ছেয়ে গেছে মধু ফল লিচু বাগান
নড়াইল প্রতিনিধি
গ্রীষ্মের দ্বিতীয় ও জৈষ্ঠ্যমাসে বিভিন্ন রকমের ফলের মৌ মৌ গন্ধে যেকোনো বাগানজুড়ে চারপাশে মোহিত থাকে। তাই এই জৈষ্ঠ্যমাসকে বলা হয় মধুমাস। তবে বছরজুড়ে অন্যান্য ফলের মধ্যে লিচু অন্যতম। পুষ্টিগুণের দিক থেকে লিচুতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ‘সি’।ক্যালসিয়াম দরকার হয় হাড়,দাঁত, চুল, ত্বক, ও নখ ভালো রাখার জন্য। হিসাব করে দেখা গেছে, ১০০গ্রাম লিচুতে থাকে শর্করা ১৩.৬গ্রাম, ক্যালরি৬১, ক্যালসিয়াম১০মিলিগ্রাম, লৌহ ০.৭ মিলিগ্রাম ও ভিটামিন ‘সি’৩১ মিলিগ্রাম। নড়াইলে উপজেলার বিভিন্ন গ্রামে চাষিদের লিচু বাগান পরিচর্যায় চলছে ব্যস্ততা। দেশিয় এবং চায়না ৩ জাতের লিচুর এবার বাম্পার ফলন আশা করছে চাষিরা। দেশিয় চায়না -৩ জাতসহ অন্যান্য জাতের লিচুর মুকুল বেশি দেখায় এ জেলার লিচু চাষিদের মুখে হাসি। উচু চালা জমি সমৃদ্ধ নড়াইলের রসালো লিচুর কদর হয়ে থাকে দেশজুড়েই।জেলাজুড়ে প্রায় ১২ হাজার কৃষক এই লিচুকে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করে থাকেন। এবং প্রাকৃতিক দূর্ষোগ না থাকায় এই জেলায় চায়না ৩ দেশিয় জাতসহ অন্যান্য লিচুর ভালে ফলন আশা করছে চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তর্থমতে,সব চেয়ে বেশি লিচুর আবাদ হয় নড়াইল সদর উপজেলায়, ৩ / ৪ হাজার একর জায়গা জুড়ে চাষ হয় রসালো এবং সুস্বাদু ফল লিচুর। ৮০ দশকে এ অঞ্চলের মানুষ প্রথমে শখের বসে শুরু করলেও বর্তমান এই রসালো ফল চাষ করছে বাণিজ্যিক ভাবে। নড়াইল ও বসুন্দিয়া জুড়ে রয়েছে ছোট বড় ১০হাজার ১০৭ টির ও বেশি লিচু বাগান । গত বছর এসব এলাকায় উৎপাদিত মৌসুমি লিচুর বাজার মূল্য ছিলো প্রায় ৪শো থেকে ৫ শো কোটি টাকা।তবে এবছর গাছে ভালো মুকুল আসায় বেশি ফলন পাওয়া যেতে পারে বলে ধারণা করছে লিচু চাষিরা। চাষিদের ধারণা অনুযায়ী বছরের মাঘ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত লিচুর মুকুল ফোটা সম্পন্ন হয়। যে গাছে মুকুল না আসে সে গাছ গুলোতে ফাল্গুনের শুরুতেই নতুন পাতা গজাতে শুরু করে। আর যে গাছে মুকুল আসে সে গাছ মুকুলে ছেয়ে যায়। বিভিন্ন প্রকারের জাত থাকলেও নড়াইল বসুন্দিয়াতে মূলত ৩ জাতের লিচু চাষ হয় সব চেয়ে বেশি। এগুলোর মধ্যে রয়েছে চায়না ৩,বোম্বাই,ও দেশি জাতের লিচু চাষ হয়ে থাকে। তবে চায়না ৩ জাতের লিচুর স্বাদও চাহিদা বেশি থাকার কারণে বর্তমানে এই আঞ্চলে চায়না ৩ লিচুর চাষ বাড়ছে। নড়াইল, বসুনিয়া, সৈয়দ মাও মংপুর, মাথাভাঙ্গা, আশ্রম , আওড়িয়া, ভদ্রবিলা, উজিরপুর, মিরাপাড়া, গোবরা, পহর ডাঙ্গা, মাছিমদিয়া, বাহির ডাঙ্গা,সহ উল্লেখ যোগ্য নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের লিচু চাষি আকবার বেগ বলেন, এবার লিচু গাছে মুকুল আসার পর থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হওয়ায় লিচুর বাম্পার ফলন হবে এবং দামও বেশি পাওয়ার আশা করছি।বসুন্দিয়ার লিমন খান জানান দেশিয় চায়না -৩ জাতের লিচু গাছ লাগিয়েছিলেন। তার চায়না -৩ জাতসহ অন্যান্য ৩০ টি লিচু গাছ রয়েছে। তিনি গত বছর লিচু বিক্রি করেছিলেন আড়াই লাখ টাকার।তবে এবছর মুকুল ভালো হওয়ায় আশা করছেন লিচু বিক্রি করতে পারবেন চার থেকে সাড়ে চার লাখ টাকা।এবার শতকরা ৮০ শতাংশ লিচু হবে বলে ধারণা করছে বাগানিরা।
আফরা গ্রামের লিচু ব্যবসায়ী রবি মোল্লা জানান, আমি শুধু গাছ দেখে ৩ মাস আগে ২০ লাখ টাকার গাছ কিনেছি,তবে বোম্বাই,ও চায়না -৩ জাতের লিচুর মুকুল কম দেখা গেলেও দেশি জাতের লিচুর বাম্পার ফলন আশা করা যাচ্ছে, তিনি আরো জানান বোম্বাই ও চায়না -৩ কম হলেও দেশি জাতের লিচুতে এবছর আমার ৭ থেকে ৮ লাখ টাকা লাভ হতে পারে বলে জানান তিনি জানান।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবদাস কর বলেন,আমরা কয়েক বছর ধরে স্হানীয় চাষিদের লিচু চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ করায় প্রতিনিয়ত বানিজ্যিক ভাবে বাড়ছে লিচু চাষ।তিনি আরো বলেন এবার গাছের মুকুল দেখে ধারনা করা যাচ্ছে এসব অঞ্চল থেকে প্রায় ১০ থেকে ১২ শ’ কোটি টাকার লিচু উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে। সব মিলিয়ে চাষিদের উৎপাদন পুষিয়ে যাবে। তাছাড়া ভোক্তা পর্যন্ত বিষমুক্ত সুস্বাদু লিচু পৌছানোর ব্যাপারে আমরা শুরু থেকে নজরদারি করছি এবং করে যাবো।

দাকোপে দেড় মণ টমেটোয় এক কেজি চাল!
দাকোপ প্রতিনিধি
ক্ষেতে চাষ করা সারি সারি গাছে ঝুলে আছে টমেটো। গাছ থেকে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে সব। লাখ টাকা বিনিয়োগে এ টমেটোতেই স্বপ্ন পূরণ হওয়ার কথা ছিল চাষিদের। কিন্তু তা এখন দুঃস্বপ্নের কারণ। বিক্রি তো দূরের কথা কোনো রকমে কোথাও ফেলতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচেন দাকোপের চাষিরা। তিন বিঘা জমির টমেটো এবার মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করেছেন এক চাষি, বাকি টেমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। চাষের আগে লাভের সম্ভাবনা দেখলেও এখন বিপাকে টমেটো চাষিরা। বাজারে নিয়ে কোনো রকমে কিছু টমেটো বিক্রি করলেও তাতে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। হিমাগার না থাকায় সংরক্ষণ করতে পারছেন না তারা।দাকোপ উপজেলার বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপসহ গ্রামের চাষিরা এখন ক্ষতির সম্মুখীন। টমেটো বিক্রি করতে না পারায় ময়লার ভাগাড়ে ফেলছেন চাষিরা।
উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের চাষি বিজন গাইন বলেন, ‘গেল বার টমেটো বিক্রি করে বেশ লাভ হয়েছিল। এবারও চাষ করে ছিলাম। প্রতিবিঘা জমিতে চাষবাস থেকে শুরু করে টমেটো চারা সার, সুতলি, বাঁশের খুঁটি কীটনাশক শ্রমিক খরচ সেচসহ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১০ হাজার টাকার টমেটো বিক্রি করছি। বাকিগুলো ক্ষেতেই ঝরে পড়ে পচে গলে নষ্ট হচ্ছে। বিশাল ক্ষতি হয়ে গেল।’
এমন অবস্থার কারণ জানতে চাইলে এই চাষি বলেন, ‘বাজারে ক্রেতা নেই, চাহিদাও নেই। সরংক্ষণের হিমাগার নেই। সড়ক যোগাযোগ ভালো না থাকায় বাইরের জেলা থেকে কোনো পাইকার এসেও মাল কেনে না। এসব কারণে এবার টমেটো চাষ করে আমরা সব চাষিরা মহাবিপদে পড়েছি।’সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অন্য জেলা থেকেও কেউ কিনতে আসছেন না টমেটো।
বাজুয়া গ্রামের অনিমেষ মন্ডল বলেন, ‘এলাকায় বাজারে নিয়ে গেলে প্রতিকেজি টমেটো ২ টাকা কেজি আর স্থানীয় পাইকার ক্ষেত থেকে টমেটো কিনলে ১ টাকা কেজি দরে বিক্রি করতে হয়। ব্যাংক ও এনজিও থেকে ঋণ করে জমিতে টমেটো চাষ করে এখন মনে হচ্ছে ঋণের দায়ে এলাকা ছাড়তে হবে।
একই গ্রামের নির্মল বলেন, ‘গেল ১ মাস ধরে টমেটোর দরপতন চলছে। চাষিরা বস্তা ভরে ইজিবাইক বা ট্রলিতে করে টমেটো বিক্রির জন্য বাজুয়া ও চালনা বাজারে পানির দরে টমেটো বিক্রি করেন। প্রতি মণ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করে পরিবহন খরচ ও শ্রমিকের মজুরির টাকা না ওঠায় টমেটো বাজারে বিক্রি তো দূরের কথা, ক্ষেত থেকে তোলার আগ্রহ হারিয়ে ফেলেছেন সবাই।’
আরেক চাষি নুর মিয়া বলেন, ‘বাজারে এক কেজি গরুর মাংসের দাম ৮০০ আর এক মণ টমেটোর দাম বাজারে ৮০, ক্ষেতে ৪০ টাকা। ২০ মণ টমেটো বিক্রি করতে পারলে এক কেজি মাংস কেনা যায়। দেশে কাচামরিচ, টমোটোর ঘাটতি দেখা দিলে সরকার ভারত থেকে আমদানি করে। অথচ হিমাগার না থাকায় আমরা সবজি সংরক্ষণ করতে পারি না। সবজি সংরক্ষণ করতে পারলে ভারত থেকে কাঁচামরিচ টমেটো আমদানি করা লাগতো না।’
লাউডোব গ্রামের চাষি বাবুরাম সরদার বলেন, ‘রমজান মাসে বাজারে চাল, ডাল তেল, পেঁয়াজ, রসুন, ছোলা, মাছ, মাংস, সব কিছুর দাম বেশি শুধু সবজির দাম কম। আড়াই মণ টমেটোর দামে এক লিটার তেল কিনতে হয়। এ বছর পানির দামে সবজি বিক্রি করেছেন তাই আগামীতে সবজি চাষের আগ্রহ থাকবে না।’
আজিজ নামে আরেক টমেটো চাষি বলেন, ‘মনে হচ্ছে টমেটো চাষ করে বড় কোনো অপরাধ করেছি। নিজের খেতের টমেটো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। টমেটো চাষ করেছিলাম স্বাবলম্বী হওয়ার জন্য। অথচ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে মনে হচ্ছে মানুষকে ফ্রিতে দিলেও টমেটো নিবে না। পাইকারি প্রতি মণ টমেটো বিক্রি করতে হচ্ছে ৪০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম ১ টাকা করে। আর বাজারে এক কেজি চালের দাম ৬০ টাকা। তার মানে আমি দেড় মণ টমেটো বিক্রি করলে এক কেজি চাল কিনতে পারব।’
বানিশান্তা গ্রামের চাষি আব্দুল হালিম বলেন, ‘বন্যা বা অতিবৃষ্টির কারণে দেশে বর্ষাকালীন সবজি নষ্ট হলে আলু, কাঁচামরিচ, টমেটোসহ বিভিন্ন সবজির সংকট দেখা দেয়। তখন পাশের দেশ ভারত থেকে ডলার দিয়ে উচ্চমূল্যে সবজি আমদানি করে চাহিদা পূরণ করে। সবজি আমদানি করতে কোটি কোটি টাকা খরচ হয়। এ টাকা দিয়ে দাকোপে একটি সবজি সংরক্ষণের হিমাগার নির্মাণ করলে ভারত থেকে সবজি আমদানি করতে হতো না।’ সবজি চাষিরা বছরের পর বছর হিমাগার স্থাপনের দাবি জানিয়ে এলেও কোনো সরকার তাদের সমস্যা নিয়ে ভাবছেন না। কোথাও সবজির হিমাগার নেই। এতে সবজি চাষিদের পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তার দাবি, গেল বার সবজির ভালো দাম পেয়েছিলেন তাই এবার ধানের জমিতে সবজি চাষ করেছেন। তাই বেশি উৎপাদন হয়েছে। তবে আগাম জাতের সবজি চাষ করলে চাষিরা এত সমস্যায় পড়তেন না। তারা একই প্রজাতির হাইব্রিড সবজির চাষ করেছেন তাই সব সব সবজি একসঙ্গে সংগ্রহের উপযোগী হয়ে ওঠেছে। এজন্য কৃষকদের আগাম জাতের সবজি চাষের পরামর্শ দেন তিনি।
সবজি সংরক্ষণাগার স্থাপনের দাবির বিষয়ে তিনি বলেন, হিমাগারে নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহ করা কঠিন। বিদ্যুৎ না থাকলে সবজি পচে নষ্ট হবে। তবে চাষিদের অবিক্রিত সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনে প্রকল্প প্রস্তাবনা দেয়া আছে। প্রকল্পটি পাস হলে চাষিরা সবজি সংরক্ষণ করে বাজারে বিক্রি করতে পারবেন।

লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
শ্যামনগর প্রতিনিধি
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টায় ৭১ নং বুিডগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুিডগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে নারীর প্রতি পারিবারিক সহিংসতার কুফল সম্পর্কিত নাটক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুিডগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্র্ডের মহিলা সদস্য ফাতেমা খাতুন।
সভাপতিত্ব করেন বুিডগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব শাহানারা পারভীন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি জনাব সাবিনা খাতুন সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী। প্রধান অতিথি বলেন আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরূষদের এগিয়ে আসতে হবে আমরা আজ ঘরে বাইরে নারীরা কেউই নিরাপদ নই। তাই আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে।

১৫ টাকার চালে ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কায়বা ইউনিয়নে চাল বিতণের সময় প্রতি বস্তায় ৩০কেজির পরিবর্তে ২৫/২৬ কেজি চাল বিতরণ করা হয়। বিক্রিত চাল অন্য জায়গায় ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।
সূত্রে জানা গেছে, মার্চ মাসের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল মঙ্গলবার সকালে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। এ দিন শার্শার কায়বা ইউনিয়নে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ড চাল বিতরন করা হয়। খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেয়া হয়েছে ২৪ থেকে ২৬ কেজি চাল।
বাগআঁচড়া বাগুড়ী বাজারের একটি দোকান থেকে কার্ডধারীরা সুবিধা বোগিরা ১৫টাকা কেজি দরে ৩০কেজি চালের মূল্য দিয়ে চাল নিলেও ওজনে পাচ্ছে ২৪ থেকে ২৬ কেজি চাল। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় চাল ৪ থেকে ৬ কেজি কম। চাল নিতে আসা একাধিক কার্ডধারীরা জানান, প্রতিবার এখান থেকে চাল নিয়ে অন্য যে কোনো দোকানে মাপ দিলেই দেখা যায় ৫ থেকে ৬ কেজি কম।
পরে বিষয়টি প্রমাণ করতে পার্শ্বের একটি দোকানে থেজে মেশিন এনে বিক্রিত চাল ওজন দিলে প্রায় প্রতি বস্তায় ৪ থেকে ৬ কেজি কম হয়।
চাল কম দেওয়ার ব্যাপারে ডিলার শাজাহান কবিরের কাছে জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দেয়নি।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন- অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র এতিম বাচ্চাদের সঙ্গে ইফতার
খবর বিজ্ঞপ্তি
‘শান্তির পৃথিবীর মাঝে অবিরাম ছুটে চলা’ এই শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত রমজানের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৫টা, নতুনতারা ভবন, খুলনায় এতিম বাচ্চাদের সঙ্গে ইফতার মাহফিল ও সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা ( খুসাস ) এর প্রতিষ্ঠাতা স ম হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মেহেদী ইনছার, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ইব্রাহিম মনির, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এস এম নাজমুল হাসান, নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেবাব্রত সিংহ, আল-আমিন হাওলাদার, মোঃ বাহাউদ্দীন, মোহাম্মদ আলী, মোঃ শামসুল হক প্রমূখ। আজকের ইফতারের আর্থিক সহযোগিতা প্রদান করেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন ঈসা। দেশের শান্তি কামনা, তাসরিনা বেগম এর সকল বালা মুসিবত পরিত্রাণ ও মোঃ মঞ্জুর হোসেন ঈসা এর পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়নে ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে মাহে রমজানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শেখ ফরহাদ হোসেন। ইউনিয়ন বিএনপি সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন মৎস্যজীবী দলের সভাপতি মাহাবুর রহমান শেখ, হিমায়েত রশিদ খান,শেখ আব্দুল গাফফার,আফজাল বিশ্বাস, আব্দুর রশিদ, আব্দুল লতিফ মাস্টার, খালিদ হোসেন প্রমুখ।

তালার ইসলামকাটি বিএনপির ইফতার মাহফিল
তালা প্রতিনিধি
তালার ইসলামকাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উক্ত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, বিএনপি নেতা প্রভাষক আনিসুর রহমান, মনিরুল ইসলাম মনি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল মিঠু, অমল দত্ত, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবনেতা সৈয়দ আজম হোসেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন, জাসাস নেতা ইউপি সদস্য আলামিন ,যুব নেতা জাকির হোসেন, মমিন, আজহারুল, মিজানুর রহমান।
প্রধান অতিথি বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন আইন সেবা সহজ করতে পাটকেলঘাটা থানা নির্মাণ করেন। তালা ভায়া পাটকেলঘাটা পর্যন্ত রাস্তা এক টেন্ডারে পিচের রাস্তা তৈরী করেন। তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরী করে দ্বিখন্ডিত তালাকে একভূত করেন। এই ব্রিজের ফলে তালা থেকে খেশরা হয়ে আশাশুনী পর্যন্ত পিচের রাস্তা তৈরী যাতায়তের সুব্যবস্থা করে দেন। তিনি দু,বার এমপি থাকাকালে স্কুল,কলেজে ভবন নির্মাণ, পিচের রাস্তার তৈরী, অসংখ্য কালভার্ট নিমার্ণের পাশপাশি ইটের সোলিং নির্মাণ করে এলাকার মানুষের যাতায়াতের সুব্যস্থা করেন। তিনি এমপি থাকাকালীন কোন মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে কাউকে ফাঁসাননি।

তালায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
তালা প্রতিনিধি
তালায় ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত ।
সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা জামায়েত ইসলামের আমীর মাও.মফিদুল্লাহ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন, তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক,জামায়েত নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যপক গোলাম ফারুক, তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রবিউল ইসলাম,মীর্জা সাকিব, ফাইমা হোসেন ফুল সহ সরকারী কর্মকর্তা বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিনিধি,সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষীদের অভিজ্ঞতা বিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহন।
মঙ্গলবার(১১ মার্চ) ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষীরা বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টার পরিদর্শন করেন।অভিজ্ঞতা বিনিময় এ সফরে সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, মেরিন ফিশারিজ কর্মকর্তা কানু বিশ্বাস, উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী এবং ক্লাস্টারের সদস্যবৃন্দ।অভিজ্ঞতা বিনিময় সফরে উভয় ক্লাস্টারের চাষীদের মধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চাষীরা সরেজমিনে চিংড়ির গ্রোথ ও উৎপাদন পরিদর্শন করেন। অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে চাষীরা অনেক উপকৃত হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

কলারোয়ায় ইটভাটায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর গাড়ীর টায়ারের গুড়া ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে কলারোয়ার একটি ইটভাটায় অভিযান চালিয়েছে টাস্কর্ফোস।
বিজিবির নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ ২০২৫) দুপুরে কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে পরিচালিত উক্ত অভিযানে ২৫ লাখ টাকার টায়ারের গুড়া আটক ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবি’র নায়েব সুবেদার মোঃ শামীম আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা মঙ্গলবার দুপুরে কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে অভিযান চালায়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে মেশিনের মাধ্যমে গুড়া করা বিপূল পরিমান টায়ারের গুড়া মজুদ পাওয়া যায়। টাস্কফোর্স পরিবেশ আইন লঙ্ঘন করে ইট ভাটায় টায়ারের গুড়া ব্যবহারের নিমিত্তে মজুদ রাখায় আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করে।
এছাড়া বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৭ ধারা মোতাবেক এসবি ব্রিকস এর মালিক কপিল দেব সরকারকে এক লক্ষ টাকা জরিমান করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশ ব্যাপী নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারবিহীনতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সামনে সাতক্ষীরা- যশোর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলনেতা এসএম হেদায়েত কবীর (হৃদয়) এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান।
এসময় তিনি বলেন, দেশে যেন ধর্ষণের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যা দেখে আর কেউ ধর্ষণকান্ডে লিপ্ত না হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ ফারহান মাসুক, মো: রাজ বাবু, আজমল হোসেন (সিয়াম), আলিফ, তৈবুর রহমান, ফাহিম ফয়সাল, মো:আরাফাত হোসেন, মো: রিপন, মো:মাহমুদুল হোসেন, কাজী মারুফ হোসেন (অনি) প্রমুখ।
মানববন্ধনে ছাত্রনেতারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন, চলমান পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটিয়ে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশুসহ সকল নির্যাতীত শিশু ও নারী লাঞ্ছনা, ধর্ষণের দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করতে হবে।

সিইউসির সহ-সভাপতির পিতার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
কামফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসির সহ-সভাপতি ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার সহকারী ম্যানেজার শহীদুল্লাহ শহীদের পিতা মরহুম নুর মোহাম্মদ শেখ (৭৮) গতকাল রাত আনুমানিক ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মরহুমের নামাজে জানাযা ও দাফন মোড়েলগঞ্জ বড় বাজার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

মাঠে কাজ করতে গিয়ে হামলার শিকার ৫ ভাই
বেনাপোল প্রতিনিধি
হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ ভাইকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে যশোরের শার্শার রুদ্রপুর হাড়িপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুতুব আলী (৫৫), কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)। এদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান, সকালে ৫ ভাই মাঠে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের ওপরে হামলা করে। লাঠির আঘাতে আইয়ুব আলীর ডান হাতের কবজিসহ ৩ জায়গা ভেঙে গেছে।
আহত কিতাব আলী জানান, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা তাদের ৫ ভাইয়ের ওপর হামলা করে মারপিট করেছে। তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অবশেষে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
কুষ্টিয়া প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আংশিকভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি আংশিক চালু করা হবে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আন্তঃবিভাগীয় স্বাস্থ্যসেবা চালু করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
সভায় বলা হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ওইদিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে ১০০ করে মোট ২০০ রোগী ভর্তি নেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিমুল বারী বাপ্পী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে হলেও খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে কোনো উপায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা হবে। কুষ্টিয়ার কোনো মানুষ যাতে স্বাস্থ্য এবং সেবা গ্রহণ করতে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। পর্যায়ক্রমে হাসপাতালটি পূর্ণাঙ্গ আকারে চালু করা হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলে ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ কারণে বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি।
গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি ব্লকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন শিক্ষার্থীসহ সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ।
সূূত্র জানায়, ২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয়তলা একাডেমিক ভবন, চারতলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলাবিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পকেটের টাকা খরচ করে যাতায়ত করে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।
এ অবস্থায় হাসপাতালটি পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে নানা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলেন। সবশেষ গত ১০ ফেব্রুয়ারি হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালুর আশ্বাস দেয়।

মেহেরপুরে দুই ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে দুটি ইটভাটা বন্ধের নির্দেশ ও ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) সারাদিন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় জহুরুল ব্রিকস ও এসবিআর ব্রিকস নামে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মালিকদের ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী মুয়ীদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফফর হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে দুটি ভাটা বন্ধ ও জরিমানা করা হয়।
‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে আসছিল ভাটা দুটি।

আমজনতার দল খুলনার মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আমজনতার দল খুলনার মানববন্ধন অনুষ্ঠিত।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমজনতার দল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয় সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আমজনতার দল, এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয় তামান্না ফেরদৌস শিখা। বক্তব্য রাখেন , আমজনতার দল খুলনার সদস্য মিশকাত শরীফ, মোঃ তুহিন ইসলাম, মাসুম, খুলনা সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রদলের নেতা মল্লিক জাহিদুল ইসলাম, প্রকৌশলী রবি আহম্মেদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলার সদস্য নাজমুল তারেক তুষার, খোকন, মনির, মাসুদ, হারুন প্রমুখ।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তামান্না ফেরদৌস শিখা বলেন, গত জানুয়ারি মাসে ধর্ষণের শিকার হয় ৩৯ জন নারী। সংঘবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা ঘটে ১৮ টি। কলঙ্কিত ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটে ৫৭ জন, সংঘবদ্ধভাবে ঘটে ১৭ টি। এর মধ্যে শিশু ছিল ১৬ জন, কিশোরী ১৭ জন এবং প্রতিবন্ধী ৫ জন।যৌন হয়রানির ঘটনা ঘটে ২৬ টি। এগুলোতো মামলা হয়েছে। এর বাইরেও প্রতিদিন শত শত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, বৃদ্ধ, যুবতি, কিশোরী কেউ নিরাপদ না এই বিকৃত গোষ্ঠীর কাছে। নারীরা নিরাপত্তা চায়। ধর্ষণের আইন সংশোধন করে দ্রুতই অপরাধী কে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আর কোন আছিয়া, তনু, পূর্নিমা কে দেখতে চাই না।

মোরেলগঞ্জে ইফতার মাহফিল ও দোয়া
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে রাজৈর নেছারিয়া ডিগ্রী মাদ্রাসায় ইফতার মাহফিল ও মরহুম কেরামত আলীর সহধর্মীনি ও মাওলানা মহিউদ্দিন-এর মাতার মৃত্যুতে এক দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আসর নামাজ বাদ মরহুমার নিজ বাড়িতে এ দোয়া পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন। দোয়া অনুষ্ঠঅনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, ফারুক হোসেন সামাদ, যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন, শ্রমীক দলের পৌর সভাপতি মাসুদ খান চুন্নু, শ্রমীক দলের উপজেলা সভাপতি মজনু মোল্লা প্রমুখ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতি তদন্তে জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের মধ্যে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ একটি। ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ১০ মার্চ দুপুর সাড়ে ১২টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে অনিয়ম ও দুর্নীতি তদন্তে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নিজেই হাজির হন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীন গত ৫ আগস্ট ২০২৪ তারিখের সরকারের পতনের পর হতে নিয়মিত পরিষদে না আসায় চরম ভোগান্তিতে পড়েন ইউনিয়নের সাধারণ জনগণ। ইউনিয়ন পরিষদের গোডাউন হতে শীতার্ত ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ৫০টি সরকারের দেওয়া কম্বল বিতরণ না করে পরিষদে গোডাউনে রাখা, কৃষি চাষাবাদের জন্য আধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন বিষয়ে ইউনিয়নের সচেতন জনগণ সংশ্লিষ্ট দপ্তরে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের দুর্নীতিতে শুধু সচিব হাবিবুর রহমান নয় জড়িত আছেন ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মোমিনের বিরুদ্ধে অভিযোগ করেন উপস্থিত জনগণ। তারা বলেন, মোটা অংকের টাকা নিয়ে জন্ম নিবন্ধন, আইডি কার্ড সংশোধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ দেওয়ার বিষয়ে অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে। ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান একই স্থানে কিভাবে প্রায় ১৪ বছব বহাল তবিয়তে চাকরি করেন সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন জনগণ। জেলা প্রশাসকের পক্ষ থেকে চেয়ারম্যান আজমল উদ্দীনকে ফোন করে ইউনিয়ন পরিষদে আসার কথা বলে হলে হাজির হননি চেয়ারম্যান আজমল উদ্দীন। জেলা প্রশাসক তাৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমানের শ্যামনগর এলাকায় ইউনিয়ন পরিষদে বদলির ব্যবস্থার জন্য বলেন। ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু মুসা বলেন, সোমবার সকালে ইউনিয়ন পরিষদে আমার একটি মীমাংসা পত্র নিতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান বলেন, কাগজ দিতে বাইরের চাপ আছে। এখন কাগজ দেওয়া যাবে না বলে জানান। ইউপি সদস্য জাহিদ ইকবাল বলেন, ইউনিয়ন পরিষদে আমাদের কাজ করতে দেয়া হচ্ছে না। তাছাড়া আজকের বিষয়ে আমাদেরকে জানানো হয়নি বলে অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, পরিষদ নষ্ট করার মূলে একমাত্র সচিব হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু মুসা, ইউনিয়ন বিএনপির নেতা জামাল নাছের ডিউক, বিএনপির নেতা আখতারুজ্জান বাপ্পি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাজান আলী বাবলু, যুবদলের আহবায়ক কামরুল হুদা, ইউপি সদস্য জাহিদ ইকবাল, ইদ্রিস আলী পুটু, সিদ্দিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাধারণ জনগণ।

বেহাল দশায় ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডটি আশু সংস্কারের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডটি নিয়ে দীর্ঘদিন ধরে নানাবিধ অভিযোগ জানিয়ে আসছেন বন্দর ব্যবহারকারীরা। ২০১৩ সালের মে মাসে এর যাত্রা শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি একযুগ পার হলেও ন্যূনতম সংস্কারের ছোঁয়া পড়েনি পার্কিং ইয়ার্ডটিতে। আগামী বর্ষায় এটি আদৌ ব্যবহারের উপযোগী থাকবে কিনা সেই চিন্তায় হতাশা প্রকাশ করেছেন এর ব্যবহারকারীরা। পার্কিং ইয়ার্ডের বাথরুম গোসলখানার ইজারাদার কওছার আলি জানালেন বাথরুমের দরজাগুলোর ভগ্নদশার কথা। গোসলখানায় ব্যবহারের অনুপযোগী আয়রনযুক্ত ঘোলা পানির কথা। এমনকি বহুদিন ধরে গোসলখানার চালটিও উধাও।
ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ১৭২২) এর সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন জানালেন শ্রমিকদের কষ্টের কথা। সামান্য বৃষ্টিতেই সমগ্র পার্কিং ইয়ার্ডটি ভরে যায় থকথকে কাদায়। ছোট বড় বিভিন্ন গর্তে জমে থাকা সেই কাদা পানি ট্রাকের চাকায় ছড়িয়ে পড়ে ভিজিয়ে দেয় শ্রমিক কর্মচারি ব্যবসায়ীদের। খুবই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয় সকলকে। রৌদ্র-বৃষ্টি থেকে বাঁচতে তৈরী করা টিনশেডটিও বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে শ্রমিকদের লোড-আনলোডে কোন সুবিধাই দিতে পারছেনা নষ্ট হয় আমদানিকৃত পণ্য। ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট আমদানিকারক এসআর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শাহীনুর রহমান সাদ্দাম বলেন, পার্কিং ইয়ার্ডটিতে মূলত বর্ষাকালেই তৈরি হয় সমস্যার পাহাড়। শুরু হয় স্থায়ী জলাবদ্ধতার। সবখানেই গর্ত ছোট অথবা বড় কাদাপানিতে ভরা। লোড থাকা ট্রাকগুলোকে বিপদের আশঙ্কায় চলতে হয় বিশেষ সতর্কতায়। ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটে গেছে এরই মধ্যে। এ বিষয়ে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরাস্থ সকল সংগঠনকে সাথে নিয়ে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন ভোমরা স্থলবন্দরের সকল সমস্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও কাজ করে যাবে। পার্কিং ইয়ার্ডের সমস্যাগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। সমস্যার সমাধান দ্রুত হবে বলেই তারা আমাদের আশ্বস্ত করেছেন। এই প্রসংগে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন শোনালেন আশার বাণী। তিনি জানালেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের মূল পার্কিং ইয়ার্ডটিসহ সদ্য অধিগ্রহণকৃত ও বালুভরাটকৃত নুতন পার্কিং ইয়ার্ডটিও বিশ্ব ব্যাংকের অর্থায়নে নুতনভাবে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। নুতন পার্কিং ইয়ার্ডটিতে একটি ওয়্যার হাউজসহ পার্কিং ইয়ার্ড দুটির সর্বত্রই হবে আরসিসি ঢালাই। ভোমরা সাতক্ষীরা মহাসড়কের ঢালাই অংশের থেকেও এর উচ্চতা বেশি হবে। বিশ্ব ব্যাংকের প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াধীন আছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসেই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলেই মোহাম্মদ রুহুল আমিন দৃড়ভাবে বিশ্বাস রাখেন। পার্কিং ইয়ার্ড দুটির উন্নয়ন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতিতে সূদুরপ্রসারী প্রভাব ফেলবে বলেই আশায় বুক বাঁধছেন বন্দর ব্যবহারকারী সকল শ্রেণীপেশার মানুষ।

শ্যামনগরে গৃহ নির্মাণের জন্য এক কোটি টাকার চেক প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ অনুদান হতে গৃহনির্মাণ খাতে পঞ্চাশ জনের মধ্যে এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে মঞ্জুরীকৃত বিশেষ অনুদান হতে উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার দুঃস্থ, অসহায়, এতিম, প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা এম এ মজিদ, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।

সাংবাদিককে পেটানোর ঘটোনায় ডাক্তার হাফিজুল্লাহসহ ৮ জনের নামে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটানোর ঘটোনায় ডাক্তার মো. হাফিজুল্লাহসহ ৮ জনের নামে মামলা হয়েছে। সোমবার রাতে ভূক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনির দেওয়া আভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। হামলা শিকার সাংবাদিক মনির ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান বলেন, হঠাৎ করেই দেখলাম ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ তার স্টাফদের বলছে ট্রমা সেন্টারের সামনের গেট আটকে দিতে। এরপরেই ডাক্তারের নির্দেশে স্টাফরা ফিল্মি স্টাইলে সাংবাদিক মনিরের ওপর হামলা চালায়। তথ্য সংগ্রহ করায় ডাক্তারের নেতৃত্বে এমন মারধর মেনে নেওয়া যায় না।
হামলার শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি বলেন, তারাবির নামাজ শেষে সহকর্মীদের সঙ্গে ট্রমা সেন্টারে একটি রোগীকে দেখতে যাই। রোগী দেখে বাইরে বের হয়ে দেখি এক বৃদ্ধ মহিলা ভ্যানের ওপর শুয়ে কাতরাচ্ছে। এ সময় আমি তাদের কাছে জানতে চাই কী হয়েছে? রোগীর স্বজনরা জানায়, তারা বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল কিন্তু তিন দিনেও ট্রিটমেন্ট না পেয়ে হাসপাতালের লোকজনের পরামর্শে ট্রমা সেন্টার এসেছেন।
তিনি বলেন, তারা আমার কাছে সহযোগিতা চেয়ে আকুতি মিনতি করে। এক পর্যায়ে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগের প্রধান ডাক্তার প্রবীর কুমারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। এ সময় রোগীর চিকিৎসা না পাওয়াসহ হাসপাতালের লোকজনের পরামর্শে রোগী বাইরে পাঠানোর বিষয়টি তাকে অবগত করি। প্রবীর কুমার বলেন এর আগেও ডাক্তার হাফিজুল্লাহর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আশায় তাকে সতর্ক করা হয়েছে। তিনি ভুক্তভোগী রোগীদের পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।
ভুক্তভোগী সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার জুলেখা বেগমের ছেলে ইশার আলী গাজী জানান, আমার আম্মা কয়েক দিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে কয়েকদিন ধরে কোনো প্রকার চিকিৎসা পাচ্ছিল না। আজ হাসপাতালের লোকজন আমাদেরকে বলে চিকিৎসা পেতে হলে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। তাই আমরা আমার বাবার ভ্যানে করে মাকে ট্রমা সেন্টারে নিয়ে যাই।
তিনি বলেন, ট্রমা সেন্টারের সামনে আসার পরে আমার মায়ের কান্নাকাটি দেখে সাংবাদিক ভাই এগিয়ে আসে। আমরা সব ঘটনা খুলে বললে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বড় ডাক্তারের কাছে কল দেন। বড় ডাক্তার তার মোবাইল থেকে আমাদের সঙ্গে কথা বলে পুনরায় মেডিকেলে নিয়ে যেতে বলেন। এ জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে ট্রমা সেন্টারের ডাক্তার ও তার লোকজন সাংবাদিক ভাইয়ের ওপর আক্রমণ করে। তারা ট্রমা সেন্টারের সামনের গেট বন্ধ করে সাংবাদিক ভাইকে বেধড়ক মারধর করে।
রোগীর আরেক স্বজন কাজল বেগম বলেন, আমরা সব ঘটনা বলে সাংবাদিক ভাইয়ের সাহায্য চাই। কিন্তু ট্রমা সেন্টারের ডাক্তারসহ তাদের লোকজন সাংবাদিক ভাই আমাদের সহযোগিতা করায় তাকে ব্যাপক মারধর করেছে। মারধর দেখে আমি ও আমার খালা ঠেকাতে গেলে আমাদের ওপরও মারপিট করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল তাকে উদ্ধার করে। পরবর্তীতে সোমবার রাতে ভূক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনির দেওয়া আভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের দলে ঠাই দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তেলিগাতী ইউনিয়ননের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার, কৃষকদলর সাধারণ সম্পাদক মো. জিয়ারুল শিকদার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার।
বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে সময় যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আেেহমদের ওপর হামলা করেছে। ওই হামলাকারিদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে’।

সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বিকাল সাড়ে ৩টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
শুরুতে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়, এরপর একে একে বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তোলেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে বিক্ষোভ মিছিলটি পার্ক থেকে শুরু হয়ে থানা মোড় হয়ে শহরের পাওয়ার হাউজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেন—”আমার বোনের কান্না, আর না আর না” “তুমি কে আমি কে, আছিয়া আছিয়া” “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই” “আমার মা-বোন আতঙ্কে, ধর্ষক কেন বাহিরে” “ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”।
বিক্ষোভ ও মানববন্ধনটি দৈনিক মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. বিপ্লব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মো. রাহাতুল ইসলাম বাপ্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. আতিকুজ্জামান সাহেদ, গাজী আসাদ, মো. তরিকুল ইসলাম অন্তর, গোলাম হোসেন রিফাত, জাহিদুর রহমান বাঁধন, রঞ্জিতা সরকার পূজা, শাখাওয়াত হোসেন বাঁধন, আদিব আদনান, মাহবুবুর রহমান তূর্য, সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারা আরও বলেন, যদি ন্যায়বিচার নিশ্চিত করা না হয়, তাহলে জনগণই এর উপযুক্ত বিচার করবে।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ। তবে সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল সামনের সারিতে দাঁড়িয়ে থাকা ছোট ছোট কন্যাশিশুরা, যাদের হাতে ছিল প্ল্যাকার্ড— “আমাদের নিরাপত্তা কে দেবে?” এই বার্তা আন্দোলনকারীদের আরও দৃঢ় করে তোলে এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে।
সাতক্ষীরার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা এই প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করার দাবি জানান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

শহিদ আব্দুর রাজ্জাক পার্কের উন্নয়ন বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নয়নসহ পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার এর আয়োজনে মঙ্গলবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জিআইজেড প্রকল্প প্রধান এম মাহমুদুর রহমান, কৃষি প্রকৌশলী মোঃ হারুন-অর-রশীদ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জিআইজেড প্রকল্প এডভাইজার ইন্দিরা ফন গারকে, এডভাইজার মোঃ আতিয়ার রহমান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার প্রোগ্রাম অফিসার তারেক আজিজ, সিটি কোর্ডিনেটর শেখ রাকিব আহসান, রাহাতুল ইসলাম, সানজিদা ইয়াসমিন, এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাওয়াদ আহমেদ, প্রজেক্ট অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর সুমন কান্তি দাসসহ আরো অনেকে।
“সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর” প্রকল্পটি জলবায়ু-সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করা। এই প্রকল্পের একটি প্রধান উপাদান হলো খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জ শহরে আরবান লিভিং ল্যাব প্রতিষ্ঠা করা। এই ল্যাবগুলো সমন্বিতভাবে গ্রিন স্পেস ও ব্লু স্পেস (যেমন পার্ক, উদ্যান ও পুকুর, জলাশয়) ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এবং স্থানীয়ভাবে গৃহীত মানানসই সমন্বিত পদ্ধতির মাধ্যমে নগরের পরিবেশগত প্রতিকূলতা মোকাবিলায় কাজ করবে।

রূপসায় বাজার মনিটরিংয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা
রূপসা প্রতিনিধি
খুলনা জেলার টাস্ক ফোর্সের অংশ হিসেবে রূপসা বাজারে বাজার মনিটরিং ১১ মার্চ মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা কার্যক্রমে অংশ নেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুবিধার্থে রমজান মাসে এ মনিটরিং কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ীদের ক্রয় চালান রসিদ সংগ্রহে রাখা, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন , সঠিক মূল্যে পণ্য বিক্রয় ও সঠিক ওজনে পণ্য বিক্রয় করতে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বাড়াতে এ মনিটরিং কার্যক্রম। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রসমাজের পক্ষে অংশ নেয় আল মামুন, ফাহাদ গাজী, মেহরাব বিন তারেক, মেহেদী, আশরাফুল, মেহেদী হাসান সানী,আলি আহমেদ, সিফাত, হাসান মির্জা, সৌহার্দ্য, জাহিদুল ইসলাম, ইতি, সজল প্রমুখ। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ডুমুরিয়ায় বিএনপি নেতার নামে কুৎসা রটনার প্রতিবাদ
খুলনার জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক লিটন গোলদারের সাথে ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের শ্রীকান্ত দাসের মোবাইল ফোনে কথপোকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীকান্ত দাস। এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, লিটন আমার আপন ভাতিজার মত সে আমাকে কাকু বলে ডাকে আর আমি তাকে ভাইপো বলে সম্বোধন করি। সম্প্রতি তার সাথে আমি মোবাইল ফোনে একটা ব্যাপারে আলোচনা করি। ওই আলোচনার সূত্র ধরে এলাকার নোংরা ও হীন মানসিকতা সম্পন্ন একটি কু-চক্রী মহল তাদের হীন স্বার্থ চারিতার্থ করার জন্যে আমাকে ও ভাইপো লিটনকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে কথপোকথনটি সুপার এডিট করে এবং চ্যানেল-২৪ এর লোগো ব্যবহার করে তার খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। ইতোমধ্যে চ্যানেল-২৪ কতৃপক্ষ ঘোষনা দিয়েছেন যে, এই সংবাদটি তাদের চ্যানেল থেকে প্রচারিত নয় এবং চ্যানেলটির খুলনা প্রতিনিধি মামুন রেজাও সংবাদটি পাঠাননি বলে স্বীকার করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারনে আমার স্নেহাস্পদ ভাইপো লিটন ও তার পরিবারের সম্মানহানী ঘটেছে বলে আমি মনে করি। যে বা যারা এধরণের মিথ্যা বানোয়াট অপপ্রচারে লিপ্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা বন্ধ করে সুস্থ্য ধারার রাজনৈতিক চর্চা করুন। এধরনের নোংরা কর্মকান্ড থেকে বিরত থাকুন, নাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। সাথে সাথে সর্ব সাধারনের উদ্দেশ্যে বলতে চাই লিটনের সাথে আমার কোন ধরনের বিরোধ নেই তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, আপনাদেরকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যে সর্নিবন্ধ অনুরোধ জানাই।
শ্রীকান্ত দাস
গ্রাম+পোঃ-শোভনা
উপজেলা-ডুমুরিয়া, খুলনা

অভিযানে ছাদ থেকে লাফিয়ে শেষ রক্ষা হলোনা সাবেক কেসিসি কাউন্সিলর খালিদের
স্টাফ রিপোর্টার
খুলনার খালিশপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চলাকালে ছাদ থেকে লাফিয়ে আহত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহমেদ।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় খালিশপুরের উত্তর কাশিপুর এলাকায় তার দোতলা বাড়িতে অভিযান চলাকালে তিনি ছাদ থেকে পরে আহত হন। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নিয়ে যায়। এ ঘটনার সতত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
তিনি জানান, ছাদ থেকে পরে শেখ খালিদ আহমেদ এর পায়ের গোড়ালীতে ফ্রাকচার হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিএনপি নেতা বকুলের বাড়ী৷ ১৩নং ওয়ার্ড, খালিশপুর থানা বিএনপি’র কার্যালয় ভাঙচুরের তিনটি মামলা রয়েছে। এছাড়াও খুলনা সদর থানার ২১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলারও আসামী সে। আড়ংঘাটা থানায়ও তার নামে মামলা রয়েছে।
এছাড়াও তিনি বলেন, শেখ খালিদ আহমেদ খালিশপুর থানা আওয়ামী লীগের নেতা ছিলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বল প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের কেসিসি নির্বাচনে তিনি প্রথম কাউন্সিলর হন।

নৌ পরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের ইফতার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় নৌ পরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে গতকাল খুলনার অভিজাত হোটেলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিএনপি নেতা ফকরুল আলম, বদরুল আলম, সাকিব জমাদ্দার, মোঃ পিন্টু, ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহবুব আলম, সহসভাপতি মাহমুদ হোসেন খান, সহসভাপতি মোঃ হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,কোষাধ্যক্ষ এম,এম,আজাহার আলী, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক হামিদ শিকদার দুলাল, প্রচার সম্পাদক মোঃ মুসলিম হোসেন, দপ্তর সম্পাদক মোল্লা আল কামাল, সাংস্কৃতির সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ মাইনুদ্দিন রিপন, সাদেকুর রহমান, নওয়াপাড়া শাখার আহ্বায়ক মোঃ বশির আহমেদ, মংলা শাখার আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, কেরিয়ার শেখ মোঃ জহির হোসেন, খুলনা মালিক গ্রুপের এস এম আকবর হোসেন, কাজি গোলাম ফারুক, সঞ্জীব দাস, কাজি রাহাত হোসেন, আবু বকর সিদ্দিক নান্না, নুরুল ইসলাম খান কালু, এস এম রফিকুল ইসলাম, বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এর নেতা আব্দুর রহমান মাঝি, অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্ষণের বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছে খুলনা সিভিল সোসাইটি।
নেতৃবৃন্দ বলেন, দেশে নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে দুঃখের বিষয় হচ্ছে শাসকদের দায়িত্বহীন আচরণ। বিপ্লব পরবর্তী সময়ে এমন বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা কখনোই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিদাতারা হলেন- খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনেওয়াজ আলী, সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আওরঙ্গজেব, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড, ব্যাবসায়ি মিয়া আরিফ হোসেন, গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, রোটারিয়ান এস ওয়াহিদুর রহমান, মহানগর যুব ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন রাজু, নারী নেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাস, মো: হুমায়ুন কবীর, শেখ সাইদুর রহমান, আহসান উল কবীর প্রমুখ।

নগর যুবদল নেতাদের ২৯নং ওয়ার্ডের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা দিয়েছে ২৯ নং ওয়ার্ড যুবদল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের, আহবায়ক, আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এবং খুলনা মহানগর যুব দলের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের কাঙ্খিত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তাই জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা
তথ্য বিবরণী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা মঙ্গলবার বিকালে খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃাতায় বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর গুনগত মান অন্যান্য ভিটামিন এর চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এতে কোন পাশর্^প্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকে নিয়ম মেনে সঠিক সময়ে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাপসুল খাওয়ানোর সময় ক্যাপসুলের ভিতরকার তরল পদার্থগুলো সম্পূর্ণভাবে যাতে খাওয়ানো হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। এটি খাওয়ানোর সময় বাচ্চাদের মুখের সাথে কোন প্রকার হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে।
অবহিতকরণ সভায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আশরাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপাসিটি এ্যাবেলিটি এর প্রতিনিধি মোঃ এনামুল হক।
অবহিতকরণ সভায় খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সভায় জানান বিগত কয়েক মাসের তুলনায় মাদকের ব্যবহার অনেকটা বেড়েছে। পুলিশী অভিযানের সাথে নাগরিক সচেতনতা জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব জানান পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের তদারকি বৃদ্ধি করা হচেছ। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত প্যাট্রলিং কার্যক্রম জোরদার করা সহ ঈদের কেনাকাটাতে নারী ও শিশুদের যেন কোন রকম সমস্যায় না পড়তে হয়ে সেদিকে জোরদার ও নজর রাখা হবে বলে তিনি জানান।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনায় যারা বিভিন্ন ব্যবসা কার্যক্রমের সাথে জড়িত ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা বৈঠক করেছি। ইতোমধ্যে টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। প্রায় ৯১ হাজার টিসিবির কার্ডের বিপরীতে খাদ্য শস্য সরবরাহ হচ্ছে। এর পাশাপশি ওপেন মার্কেট সেল আগের চেয়ে বেশি বৃদ্ধি করেছি। যার ফলে দ্রব্যমূল্য আগের চেয়ে এখন স্থিতিশীল আছে। এটা যেকোন সময় আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যেন না যেতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। তিনি আরও বলেন, খুলনাতে যদি কোন মজুতদারীর বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিম্নমানের পণ্য সামগ্রির অভিযোগ পাওয়া যায়, আমাদের টাস্কফোর্স ব্যবস্থা নেয়ার জন্য অত্যন্ত তৎপর রয়েছেন। পাশাপাশি রমজান মাসে উপজেলা নির্বাহী অফিসারগণ নিয়মিত বাজার তদারকি করে যাচ্ছেন। আশা করি আমাদের খুলনার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা যে পরিস্থিতিতে আছে তার বাহিরে যাবে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনায় গলাকেটে ইজিবাইক চালকে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার
খুলনায় মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গত সোমবার দিবাগত রাতে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইজিবাইক চালক মোহাম্মদ জাহাঙ্গীরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমায়েশ খানা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যাণ্ড থেকে কয়েকজন যাত্রীবেশে ঘণ্টাচুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১টার দিকে তারা জাহাঙ্গীরকে নিয়ে খালিশপুর হাউজিং এলাকার তিনতলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলিতে নির্জনস্থানে থামতে বলে। এরমধ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে পেছন থেকে জাপটে ধরে গলায় ছুরি চালায়। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগরকে আটক করলেও অন্যরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। আটক মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড় এলাকার আফজালের বাড়ির ভাড়াটিয়া রুস্তম আলীর ছেলে।
এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সংঘবন্ধ ইজিবাইক ছিনতাইচক্র এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। চিকিৎসাধীন ইজিবাইক চালক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

খুলনা বিভাগে ২০ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
তথ্য বিবরণী
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের ১০ জেলায় ২০ লাখ ১৭ হাজার একশত ৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানান হয়।
অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিগত বছরের মতো এবছরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে তিনি আশা করেন।
অবহিতকরণ সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মহসিন আলী ফরাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডাঃ মুজিবুর রহমান, ইউনিসেফ খুলনার চীফ মোঃ কাউসার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম শাহরিয়ার। খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে।
অবহিতকরণ সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার পাঁচশত ১৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ছয়শত ৩৭ জন।

দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার কারণেই ধর্ষণের পুনরাবৃত্তি হয়: ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জোলা শাখা এর সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান মাগুরায় শিশু ধর্ষণসহ সাম্প্রতিক বৃদ্ধি পাওয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন ধর্ষণ সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। আর শিশু ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ আর কিছু হতে পারে না। বাংলাদেশে মাঝেমধ্যেই ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে। আলোড়ন তৈরি হয়, বিক্ষোভ হয়। কিন্তু বিচার হয় না; বিচার হলেও তা এতো পরে যে, মানুষ ভুলে যায়। এই দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার কারণেই এই ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে।
তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সাথে ধর্ষকের বিচারে আইন সংশোধন করতে হবে যাতে করে ঘটনার সাত দিনের মধ্যে ধর্ষককে প্রকাশ্যে কঠোরতম শাস্তির আওতায় আনা যায়। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা কার্যলয়ে জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্ব ও সেক্রেটারী হাফেজ আাসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন জেলা সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব জয়েন্ট সেক্রেটারী এস এম রেজাউল করিম, এসিস্টেন্ট সেক্রেটারী, আলহাজ্ব শফিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুন অর রশিদ,প্রচার ও দাওয়াহ বিষঃ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম দপ্তর সম্পাদক মুফতি এনামুল হাসান সাঈদ, , অর্থ ও প্রকাশনা সম্পাদক মাষ্টার জাফর সাদেক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ হামিদী, শিক্ষা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ মাহবুবুল আলম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফ আলী, কৃষি ও শ্রম বিষঃ সম্পাদক মোঃ নুরুল হুদা সাজু, , মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুফতি ফজলুল হক ফাহাদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলী সংখ্যালঘু সম্পাদক আলঃ আবু দাউদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্জ শফিকুল ইসলাম ডুমুরিয়া স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ওমর আলী,সহকারী প্রশিক্ষণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ নির্বাহী সদস্য মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মোঃ আনোয়ার হোসেন, মুফতি ফয়জুল্লাহ মাওলানা আহমদ আলী, হাফেজ কারিমুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম মোঃ অলিউয়ার রহমান।

সাতক্ষীরায় আ.লীগ নেতার রিমাণ্ড শুনানিকালে হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ
সাতক্ষীরা প্রতিনিধি
আদালতে হত্যা মামলার আসামী এক আওয়ামী লীগ নেতার রিমাণ্ড শুনানীকালে অপ্রীতিকর পরিস্থিতির মুখে এজলাস ত্যাগ করেছেন সাতক্ষীরার আমলী-৩ নং আদালতের বিচারক মারুফা আক্তার। মঙ্গলবার বেলা ১১টার সময় এজলাস ত্যাগের পর দিনভর ওই আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বিচারপ্রার্থীরা পড়েন দুর্ভোগে।
সাতক্ষীরা জজ কোর্টের কয়েকজন আইনজীবী জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন আশাশুনির প্রতাপনগরে হিজলিয়া গ্রামের রহিম আলী সরদারের ছেলে আলমসহ তিনজন মারা যান। গুলিতে আহত হন আরো সাতজন।
এ ঘটনায় নিহত আলমের বাবা রহিম আলী বাদি হয়ে ওই বছরের ১৫ আগস্ট চেয়ারম্যান জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলকে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় আমলী আদালত-৩ এ তার রিমাণ্ড শুনানী শুরু হয়।
৭ দিনের রিমান্ড আবেদনের শুনানীতে অংশ নেন মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আদালতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক বিশ্বনাথ রায়, রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড, আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. নুরুল আমিনসহ কমপক্ষে ২৫ জন আইনজীবী।
আসামীপক্ষে শুনানীতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলমসহ কয়েকজন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক মারুফা আক্তার আসামী আবু হেনা শাকিলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাণ্ড মঞ্জর করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের সঙ্গে শুনানীতে অংশ নেওয়া অ্যাড. নুরুল আমিন বিচারককে উদ্দেশ্য করে বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, আওয়ামী লীগ সরকারের সময় তার নিয়োগ, তিনি ওই চেয়ারে বসার যোগ্য নন। এ ধরণের একটি মামলায় কেন আবু হেনা শাকিলকে কারাফটকে রিমান্ড মঞ্জুর করলেন তা তাদের জানতে বাকী নেই।
একপর্যায়ে বিচারক ১১টার দিকে এজলাস ছেড়ে নিজের খাস কামরায় চলে যান। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ওই বিচারক এজলাসে না ওঠায় বিচারপ্রার্থীদের বিচার কার্যক্রম বন্ধ হওয়ায় বাড়ি চলে যেতে হয়। এটা বিচারপ্রার্থীদের দুর্ভোগ ছাড়া কিছু নয়।
আমলী-৩ আদালতের বেঞ্চ কর্মকর্তা (পেশকার) মাহাদী হাসান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারক এজলাস ত্যাগ করার পর তিনি নির্ধারিত সময় বিকেল সাড়ে তিনটার মধ্যে এজলাসে আসেননি। ফলে আশাশুনি ও কলারোয়া থানার যে সব আসামীর জামিন শুনানী, রিমান্ড শুনানীসহ বিভিন্ন কার্যক্রম হয়নি তা আগামিকাল বুধবার শুনানী হবে।
এ ব্যাপারে অ্যাড. নুরুল আমিন বলেন, বিচারক একটি স্পর্শকাতর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু হেনা শাকিলের থানা হেফাজতে রিমাণ্ড মঞ্জুর না করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়াটা তারা মেনে নিতে পারেননি। সেকারণে তিনি ওই বিচারককে উদ্দেশ্য করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর বলেছেন। তিনি ওই চেয়ারের জন্য যোগ্য নয় বলে মনে করেন। এ কারণে ওই আদালতের কার্যক্রম বন্ধ থাকলে সেটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বলেন, একজন আইনজীবীর আদালতে অশোভন আচরণ ও আইনজীবীসুলভ আচরণ না করায় বিচারক এজলাস ছেড়ে চলে যান।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার জানান, তিনি রাষ্ট্রপক্ষে দাঁড়িয়ে রিমান্ড শুনানীতে অংশ নিয়েছিলেন। অ্যাড. নুরুল আমিন বিচারককে উদ্দেশ্য করে ফ্যাসিস্ট সরকারের দোসরসহ কয়েকটি কথা বলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে ওই আদালতের কার্যক্রম বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কিনা তা তিনি জানেন না।
সাতক্ষীরা বিচারিক আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বিচারক মারুফা আক্তারের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, আদালত থেকে বিচারক নেমে যাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তিনি আর এজলাসে উঠতে পারেননি।

অভয়নগরে গৃহবধূর লাশ উদ্ধার
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের পল্লী থেকে মঙ্গলবার দুপুরে মিতা মন্ডল (২৩)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পায়রা ঘোড়াদাড়ী গ্রামের জয় মন্ডলের স্ত্রী ও এক সন্তানের জননী।
পারিবারিক সৃত্রে জানাগেছে, যশোর সদরের কাজী পুর বলা ডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী দিলিপ মন্ডলের মেয়ে মিতা মন্ডলের ৫ বছর আগে বিয়ে হয় অভয়নগর উপজেলার পায়রা ঘোড়াদারী গ্রামের বিপ্লব মন্ডলের ছেলে জয় মন্ডলের সাথে। বিয়ের তিন বছর পর মিষ্টি মন্ডল নামে তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। মিতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলোহ লেগেই ছিল। কারনে অকারনে মিতাকে শারিরীক নির্যাতন করতো জয় মন্ডল। মিতার বড় বোন রুপা সরকার অভিযোগ করে বলেন তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার বোনের স্বামী জয়মন্ডল সোমবার রাত ১২টায় ফোন করে মেরে মিতাকে মেরে ফেলার হুমকি দেয় । সকালে ৭টায় মিতার সাথে বোন রুপা মন্ডলের যখন কথা হয় তখন সে ঘরের আসবাপত্র ভাংচুর করছে জয় মন্ডল ভিডিও কলে দেখাচ্ছিল। এসময় হঠাৎ মিতার কাছ থেকে ফোন কেড়ে নেয় জয় মন্ডল। এটায় বোনের সাথে তার শেষ কথা। বেলা ১১টায় বাড়ীর পাশে আব্দুল্লা নামে এক ছেলে তাদের খবর দেয় মিতা মারা গেছে। খবর পেয়ে তারা ছুটে আসে বোনের বাড়ীতে। এসে বোনের মৃত দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। মিতার শরিলের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে মিতার পরিবার থেকে দাবি করা হয়েছে। এদিকে ভবদাহ ক্যাম্পের আইসি ওমর ফারুক জানায়, তারা খবর পেয়ে বাড়ী গিয়ে মিতার মৃত দেহ বারান্দায় দেখতে পায় । সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে জয় মন্ডলের সাথে কথা হলে তিনি জানান,বিয়ের পর থেকে পারিবারিক জীবনে দুজনার মধ্যে অশান্তি লেগেই ছিল। রাতে স্ত্রী মিতার সাথে কথা কাটিকাটি হয়। এসময় মিতাকে চরথাপ্পর মেরেছে বলে স্বীকার করে। এই রেশ ধরে তাদের মধ্যে আবারও মঙ্গলবার সকালেও ঝগড়া হয়। জয় মন্ডল নিজ কাজে চলে যায়। কিছুক্ষন পর খবর পেয়ে বাড়ি এসে ঝুলন্ত অবস্থায় মিতার দেহ দেখতে পায়। এলকার লোকজন নিয়ে স্ত্রীর দেহ নিচে নামিয়ে এনে দেখে মৃত।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীম জানান,ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠিয়েছি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নড়াইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তসহ আটক ২
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার দিননাথপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্যা (৩৮) ও সহযোগিতার তার আপন ভাবী শারমিন আক্তার (৩২) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (১০মার্চ) বিকালে ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার ৩ ঘণ্টা পর বিকালে লোহাগড়া থানা পুলিশ এই দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত পান্নু মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে এবং সহযোগী শারমিন আক্তার তার বড় ভাই বাবু মোল্যার স্ত্রী।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে পান্নু মোল্যা। পরে শিশুটি তার পরিবারকে এ ঘটনাটি বলে দেয়। পরে স্থানীয় মাতুব্বররা শিশুটির মাকে মামলা করতে নিষেধ করেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
শিশুর বাবা মাহাবুর রহমান বলেন, “আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় পান্নু মোল্যা তাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য পান্নুর ভাবী শারমিন আমার মেয়েকে শাসিয়ে দেয় । পরে আমি বিষয়টি আমরা জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর এ ঘটনায় মামলা না করে স্থানীয় পর্যায়ে মিমাংসার কথা বলে তালবাহানা করতে থাকে। পরে সোমবার আমার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।”
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “মামলা দায়েরের পর সন্ধ্যায় আসামি পান্নু মোল্যা ও তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছি। মঙ্গলবার (১১মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষকদের বিচারের দাবিতে সমাবেশ করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। এসময় তারা ওই ঘটনায় জড়িতদের আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকে শাহেদ হাসান টগর, অ্যাডভোকে রকুনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল।
বক্তারা বলেন, তারা শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহযোগিতা প্রদান করবেন না বলেও ঘোষণা দেন।

বটিয়াঘাটায় জেলা বিএনপি’র আহবায়ক মন্টু
ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি দেশ ও গণমানুষের রাজনীতি করে। মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি টানা ১৭ বছর রাজপথে দুর্বার আন্দোলনের রেকর্ড সৃষ্টি করেছে। যার হাত ধরেই ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট আওয়ামী নেত্রী মাফিয়া রানী শেখ হাসিনা পালিয়ে যায়। আওয়ামী সরকার পতন ও শেখ হাসিনার পালায়নের মধ্যদিয়ে দেশের অর্ধেক সংস্কার তো হয়েই গেছে; বাকী সংস্কার নির্বাচিত সরকারের হাতেই হবে। চলমান সংকট ও সমস্যা নিরসনে অবিলম্বে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকারের হাতে রাষ্ট্রপরিচালনায় দায়িত্ব হস্তান্তর করা উচিত। আর নির্বাচনের পূর্বেই সকল মতানৈক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা ইউনিয়ান পরিষদ মিলায়াতনে উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. এজাজুর রহমান শামীমের সভপতিত্বে খন্দকার ফারুক হোসেনের সঞ্চলনায় আনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়ল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান শেশ আনিসুর রহমান সুলতান মাহমুদ, জিয়াউর রহমান জিকু কামরুল ইসলাম সিপার কামরুল ইসলাম মো জাফরী নেওয়াজ চন্দন শেখ আবু সাঈদ শেখ আরিফুর রহমান মনিরুজ্জামান লেলিন গাজী হারুনার রশীদ হারুন, আব্দুস সাত্তার আকন, লিয়ার রহমান, মোল্ল্যা ইমরান হোসেন মো সেলিম রেজা হাওলাদার মো রাশেদ কামাল. মো শফিকুজ্জামান মলঙ্গী ও এসএম রুহুল মোমিন লিটন প্রমুখ।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। মো. এজাজুর রহমান শামীমকে আহবায়ক ও খন্দকার ফারুক হোসেনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করার সিন্ধান্ত নেয়া হয়। এরপর সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করে সম্মেলন প্রস্তুত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। সভার শেষাংশে নুরুল মোমেন লিটনকে আহবায়ক ও মো. আওসাফুর রহমানকে সদস্য সচিব করে ১নং জলমা ইউনিয়ন বিএনপি’র এবং মো. জসিম উদ্দিন শেখকে আহবায়ক ও মো. আব্দুল মান্নান শেখকে সদস্য সচিব করে ৭নং আমীরপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।।

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালার ঘটনায় মামলা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়ে তিনজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এতে সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেলে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবরা স্টান্ডে ইউনিয়ন বিএনপির অফিসে বসে মিটিং করছিলেন নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও একই গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু (৪২) আহত হন। আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশংখা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম মঙ্গলবার (১১ মার্চ) সকালে বলেন, “বোমা হামলার ঘটনায় সোমবার বিকেলে মামলা হয়েছে। এতে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ৮ জনের নামসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে আসামি করা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে শিশু সুরক্ষা জোট।
মঙ্গলবার দুপুর বারোটায় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এসময় উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা জোটের সভাপতি শামিমা সুলতানা শিলু, মানবাধিকার কর্মি এ্যাড মোমিনুল ইসলাম, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, শিরিন পারভীন, এম সাইফুল ইসলাম, শ্যামলি দাস, আবু তাহের প্রমুখ।

রোটারি খুলনা জোন অল ক্লাব’স ইফতার
খবর বিজ্ঞপ্তি
রোটারি খুলনা জোন অল ক্লাব ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কান্ট্রি চিফ পিডিজি ড.সৈয়দ ইসতিয়াক এ জামান, বিশেষ অতিথি ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি একেএম সামছুল হুদা, সভাপতিত্ব করেন ডেপুটি কো-অর্ডিনেটর ডা.সৈয়দ আবু সাইদ, পরিচালনায় কো-কোঅর্ডিনেটর মোল্লা মারুফ রশীদ।
এছাড়াও রোটারি রিপসার টিমের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান ফরিদুল আলম নিউটন, ডেপুটি কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান,কো-কোঅর্ডিনেটর যথাক্রমে আমিনুল ইসলাম শাহীন,তৌহিদুল ইসলাম,মো:নুরুল ইসলাম সহ খুলনার বিভিন্ন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সহ বিভিন্ন রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মানব সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান থাকায় স্ব স্ব ক্লাবের প্রেসিডেন্টের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে পাস্ট প্রেসিডেন্ট কামরুল করীম বাবুর পরিচালনায় যে সকল রোটারিয়ান ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা সহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।।

সাতক্ষীরার তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
সোমবার রাত অনুমান ১০টায় দক্ষিণ তলুইগাছা গ্রামের বাসিন্দা জনৈক মোঃ কামরুল ইসলামের একটি বাইসাকেল চুরির অভিযোগে মোঃ আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধরক মারধর শুরু করে।
খবর পেয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ প্রেরণ করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা প্রদান করে।
পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোন প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয় এবং মঙ্গলবার (১১ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল হতে সরিয়ে নিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌছানোর ব্যবস্থা করা হয়।

দিঘলিয়ায় বিএনপির ইফতার
দলে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাই নেই : হেলাল

দিঘলিয়া প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি শান্তি, উন্নয়ন সম্প্রীতির দিঘলিয়া গড়ে তুলতে চায়। বিএনপি সকল ধরণের শিক্ষাসহ স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে আমরা দিঘলিয়াকে একটা সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজমুক্ত উন্ময়নের মডেল দিঘলিয়া হিসেবে গড়ে তুলতে চাই। এ দলে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাই নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে তার নির্দেশনা মেনে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে তৃণমূলে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝাতে সকলকে মানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীদের। তিনি আরো বলেন, ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। এ কারণে আন্দোলনের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিএনপি মানুষের হারানো মৌলিক অধিকার ফিরিয়ে দেবে।
তিনি মঙ্গলবার বিকালে ৪টায় দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে এলাকার, ইয়াতিম, মসজিদ মাদ্রাসার ইমাম ও আলেমদের সৌজন্যে হাজীগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড.মোমরেজুল ইসলাম, চেয়ারম্যান ও সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু, সাবেক যুগ্ন আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, আরিফুর রহমান, আনিসুর রহমান, লুটাস, নাসমুস সাকিব পিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা।
দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, উপজেলা যুগ্ন আহবায়ক শেখ মোসলেম উদ্দিন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, খন্দকার ফারুখ হোসেন প্রমুখ।

খুবি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান চিঠি দিয়ে বরখাস্তের বিষয়টি জানান।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহমত আলীর দেওয়া অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১১ মার্চ) এক অফিস আদেশে উপাচার্যের সচিব ও উপ-পরিচালক আবু সালেহ মো. পারভেজকে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। খানজাহান আলী হলের সহকারী পরিচালক মিজানুর রহমান খানকে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্ষণ ও নারী নির্যাতন
নগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
সকাল সাড়ে ১০টার দিকে খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক থেকে ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক থেকে পৃথক পৃথক দুইটি মিছিল খুলনা সরকারি মহিলা কলেজে মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ’র সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নূর মোহাম্মদ আদর ইয়াসির আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি রিয়াজুল ইসলাম ফাহিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস,নৈরাজ্য,ধর্ষন,নারী নির্যাতন,চাঁদাবাজি আর এ দেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। শহীদ আবু সাঈদ- মুগ্ধরা জীবন দিয়েছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময় আমরা একটি সুন্দর পরিবেশ চাই,যেখানে সকল জুলুম-অত্যাচারের অবসান হবে। যেখানেই জুলুম হবে যেখানেই নির্যাতন হবে ছাত্র- জনতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের অরাজক পরিস্থিতি দেখার জন্য ২৪ এর স্বাধীনতা আনিনি। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা অধিকারের জন্য আমাদের ২৪ এর স্বাধীনতা। অবিলম্বে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি স্বরূপ জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবির রাখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১২টার দিক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।