Home খেলাধুলা জোকোভিচ-আলকারাজ লড়াই শেষ আটে?

জোকোভিচ-আলকারাজ লড়াই শেষ আটে?

21


ক্রীড়া ডেস্ক।।

ইতোমধ্যে শুরু হয়েছে বাছাইপর্ব। আগামী রবিবার থেকে শুরু হবে বছরের প্রথম টেনিস গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। প্রকাশিত সূচি অনুযায়ী দুই ফেভারিট নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজের দেখা হতে পারে শেষ আটে। তবে তার আগে দুজনকেই প্রি-কোয়ার্টার ফাইনালের বাধা পাড়ি দিতে হবে তাদের।


জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ১৯ বছরের নিসেস বাসাভেরেড্ডির বিরুদ্ধে। আলকারাজের প্রথম ম্যাচ আলেক্সান্ডার শেভচেঙ্কোর সঙ্গে। জোকো-আলকারাজকে এবারের আসরের পুরুষ এককের দুই ফেভারিট ভাবা হচ্ছে।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন জোকোভিচ। কিন্তু কোনো গ্র্যান্ডস্লাম জিততে পারেননি। এ বছর তিনি ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য ঝাঁপাবেন। নতুন কোচ অ্যান্ডি মারের প্রশিক্ষণে প্রথম বার গ্র্যান্ডস্লামে নামতে চলেছেন। যে নজির গড়তে আর একটি গ্র্যান্ডস্লাম জিততে হবে জোকোকে। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। আলকারাজ এখনও এই গ্র্যান্ডস্লাম জিততে পারেননি।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইয়ানিক সিনার। তিনিই শীর্ষ বাছাই। তার সঙ্গে সেমিফাইনালে দেখা হতে পারে আলেক্সান্ডার জেভেরেভের। কোয়ার্টার ফাইনালেও ইয়ানিকের সামনে কঠিন লড়াই। অস্ট্রেলিয়ার এক নম্বর টেনিস খেলোয়াড় অ্যালেক্স ডি মিনিয়রের বিরুদ্ধে খেলতে হতে পারে তাকে। তবে এখন পর্যন্ত নয়বার খেলে প্রতিবারই সিনার জিতেছেন তার বিরুদ্ধে।