স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকার সেদেশের নারীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন, এমন অভিযোগে দেশটির বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। এবার তার আনুষ্ঠানিক উত্তর দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে নৈতিকতা বিষয়টি টেনে এনেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের ইতিহাসের সাথে সাদৃশ্য টেনে একথা বলেছেন ম্যাকেঞ্জি। বর্ণবাদের কারণে ক্রিকেটে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের নারীদের প্রতি মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের পুরুষ দলের বিপক্ষে খেলা ভণ্ডামি হবে বলে মনে করেন ম্যাকেঞ্জি।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর কথার জবাবে দেশটির ক্রিকেট বোর্ডও স্বীকার করেছে, আফগানিস্তানে নারীদের প্রতি ভয়াবহ আচরণ করা হচ্ছে। তবে একথাও তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হাতে, নির্দিষ্ট কোনো ক্রিকেট বোর্ডের নয় ‘
সিএসএ বলেছে, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নারীদের অধিকার দমিয়ে রাখাকে ঘৃণ্য বলে মনে করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নারী ক্রিকেট সমান স্বীকৃতি এবং সমান টাকা পাওয়ার দাবিদার। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট, তাই আন্তর্জাতিক টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে সিদ্ধান্ত বিশ্ব সংস্থা দ্বারা পরিচালিত হওয়া উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানকে বয়কটের ডাক নতুন নয়। এর আগে একই কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিও ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ আফগানিস্তানকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন। যদিও বয়কট করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিবি। তারাও আইসিসি থেকে পদক্ষেপ নেওয়ার পক্ষে।
নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে আগেই আফগানিস্তানের বিপক্ষে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ বয়কট করেছে অস্ট্রেলিয়া। যদিও ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে দুই দল।











































