স্পোর্টস ডেস্ক
অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে শিরোনাম হন আমির জাঙ্গু। এবার টেস্ট দলেও ডাক পেলেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রায় ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। যেখানে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।
তবে পায়ের চোটে ছিটকে গেছেন শামার জোসেফ। আর আইএল টি-টোয়েন্টির ব্যস্ততায় এই সফরে যাবেন না আরেক পেসার আলজারি জোসেফ।
মোটি ছাড়াও ক্যারিবীয়দের স্পিন বিভাগে আরও থাকবেন কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান।
জাঙ্গু মূলত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ৮ ইনিংসে ১০০ গড়ে ৫০০ রান করেন ২৭ বছর বয়সী ব্যাটার। আর চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে মাত্র ৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি মিডল-অর্ডার।
এদিকে ২০০৬ সালের নভেম্বরের পর এটিই হবে পাকিস্তানের মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ। মাঝে ২০১৬ সালে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট সিরিজ খেলেছিল দুই দল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী ২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা হবে ক্যারিবিয়ানরা। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি। আর মুলতানে ২৪ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।











































