স্পোর্টস ডেস্ক
মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেক হচ্ছে স্যাম কনস্টাসের। এমনটিই নিশ্চিত করেছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অজিদের সেরা তারকা ট্রাভিস হেডকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। যদিও অস্ট্রেলিয়ার এই কোচ তাকে পাওয়ার আশা ছাড়ছেন না।
আগামী বৃহস্পতিবার শুরু হবে মেলবোর্ন টেস্ট। যেখানে আজ মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাকডোনাল্ড কনস্টাসকে নিয়ে সুসংবাদটি জানিয়েছেন। তিনি বলেন, ‘সে (কনস্টাস) দেখিয়েছে, সুশৃঙ্খল শটের পরিধি ও প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা। আর সে তার (প্রাপ্য) সুযোগটি পেয়েছি। আমরা তার জন্য সত্যিই উচ্ছ্বসিত।’
কনস্টাস সুযোগ কাজে লাগাতে না পেরে বাদ পড়া ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় দলে এসেই একাদশে জায়গা পেলেন। অস্ট্রেলিয়া চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ১৯ বছর ৮৫ দিন বয়সে ম্যাচটি খেলতে নামবেন তিনি।
চোট পেয়ে জশ হেইজেলউড ছিটকে পড়ায় একাদশে আরেকটি পরিবর্তনও অবধারিত। ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, মেলবোর্নে হেইজেলউডের জায়গায় খেলবেন স্কট বোল্যান্ড।
এদিকে ব্রিজবেনে ড্র হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগে হেডের। পরে ফিল্ডিংয়ে নামেননি তিনি। এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৫২ রান করা বাঁহাতি ব্যাটার।
সামান্য রানিং এবং আউটফিল্ডে কিছু ফিল্ডিং করার পরে মঙ্গলবার নেটে অল্প সময়ের জন্য ব্যাটিং করেন হেড। আগের দিনের ঐচ্ছিক অনুশীলনে কিছুই করেননি তিনি। সব মিলিয়ে তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া।
দুই দলের পাঁচ টেস্টের সিরিজটি এখন ১-১ সমতায়।











































