Home Uncategorized শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন উঠছে ভারতে

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন উঠছে ভারতে

26


খুলনাঞ্চল ডেস্ক।।

ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। সেখানকার এক বাংলোতে থেকে প্রায়ই তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দেয়া হয়েছে; তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশটিতেই।

দু’দিন আগে এই প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ঢাকা সফর থেকে ফেরার দু’দিন পর গত বুধবার ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে বিষয়ে ব্রিফ করেন তিনি। দিল্লিতে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

বুধবারের ব্রিফে অংশ নেয়া একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আইএনএস জানায়, ব্রিফ্রিংয়ের সময় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন, সেই সম্পর্কে জানতে চেয়েছেন।

এদিকে, শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদউদ্দিন ওয়াইসি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে? প্রশ্ন করেন তিনি। ওয়াইসি বলেন, একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত; কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় বলে মন্তব্য করেন আসাদউদ্দিন ওয়াইসি।