Home খেলাধুলা হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি

হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি

23


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সব ধোঁয়াশার সমাপ্তি হতে যাচ্ছে। ভারতের চাওয়া অনুযায়ী ‘হাইব্রিড মডেলেই’ আইসিসি’র টুর্নামেন্টটি হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। গতকাল ভার্চ্যুয়াল বৈঠকে ভারত-পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আইসিসি’র সভাপতি জয় শাহ। বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে সংবাদটি জানিয়ে দিবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিসিসিআইয়ের ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানো এবং চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে, ২০২৭ পর্যন্ত তা মেনে নিচ্ছে আইসিসি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচসহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু নিয়ে পরে সিদ্ধান্ত হবে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন অবশ্য নারী বিশ্বকাপ অন্য একটি খবর দিয়েছে। পিসিবি হাইব্রিড মডেল মেনে নেয়ায় ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো পাকিস্তান দল কলম্বোয় খেলবেই, সেই সঙ্গে ২০২৭-৩১ সময়ে পাকিস্তানকে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও দেয়া হবে। তবে চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে বিশেষভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। অবশ্য ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে এই দুটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হতে পারে বলেও আলোচনা আছে। ৮ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রাথমিক সূচি অনুসারে, ১৯শে ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ই মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গতকাল বিসিসিআই ও পিসিবি’র সঙ্গে আইসিসি’র বৈঠকের পর চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ার কথা।