স্পোর্টস ডেস্ক
ওয়েলিংটনের বেসির রিজার্ভের ৭৪ বছরের ইতিহাসে প্রথম কোনো বোলার হিসেবে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়লেন গাস অ্যাটকিনসন। এরপর ব্যাটিংয়ে দারুণ সময় কাটাল ইংল্যান্ড। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টির দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে ইংলিশরা। বলা চলে জয়ই দেখছে স্বাগতিক দেশটি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ২৮০ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রান করেছে। ইতোমধ্যে ৫৩৩ রানের লিড নিয়েছে তারা।
প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ৮৬ রানে শেষ করেছিল কিউইরা। এরপর আজ শনিবার মাত্র ৩৮ রান যোগ করতেই গুটিয়ে যায়। দলটির শেষ তিন উইকেট যথাক্রমে নাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদিকে আউট করে হ্যাটট্রিক করেন পেসার অ্যাটকিনসন।
ইংলিশ পেসার অ্যাটকিনসন ও ব্রেডন কার্স ৪টি করে উইকেট দখল করেন।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জ্যাক ক্রলিকে হারায়। তবে এরপর বেন ডাকেট ও জ্যাকব বেথেল ২২০ বলে ১৮৭ রানের জুটি গড়েন। কিন্তু এই দুই ব্যাটারকেই হতাশ করেন টিম সাউদি। কেননা বেথেলকে টম ব্লান্ডেলের ক্যাচে ৯৬ ও বেন ডাকেটকে ৯২ রানে বোল্ড করেন এই পেসার। বেথেল ১১৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। আর ডাকেট ১১২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৯২ করেন।
চতুর্থ উইকেট জুটিতে জো রুট ও হ্যারি ব্রুক ১২৫ বলে ৯৫ রান তোলেন। দুর্দান্ত ফর্মে থাকা ব্রুক ৬১ বলে ৫টি চারে ৫৫ বলে বিদায় নেন। তবে ১০৬ বলে ৫টি চারে ৭৩ রানে অপরাজিত থাকেন রুট। টেস্ট ক্যারিয়ারে ১০০তম ফিফটিরও দেখা পেলেন এই ব্যাটার।
কিউই বোলারদের মধ্যে সাউদি ও হেনরি ২টি করে উইকেট পেয়েছেন।











































