স্পোর্টস ডেস্ক
ব্যাটিংয়ে দাপট দেখিয়েই চলছেন ইংল্যান্ডের জো রুট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। এর মাধ্যমে শতবারের বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কৃতিত্ব গড়লেন এই ইংলিশ ব্যাটার। রুট পেছনে ফেললেন ৯৯টি অর্ধশতক হাঁকানো ভারতের সাবেক ব্যাটার রাহুল দ্রাবিড়কে।
চতুর্থ ব্যাটার হিসেবে ফিফটির সেঞ্চুরি ক্লাবে যোগ দিলেন রুট। তার আগেও এক শ হাফ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন ভারতের সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং।
টেস্ট ক্যারিয়ারে ৩৫টি সেঞ্চুরির পাশাপাশি ৬৫টি হাফ সেঞ্চুরি রুটের। সবচেয়ে বেশি, ১১৯ বার টেস্টে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন শচীন। এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫১টি। তালিকায় যৌথভাবে দুই নম্বরে ক্যালিস ও পন্টিং। ১০৩ বার এই মাইলফলক অতিক্রম করেছেন তারা।
২০২০ সালের পর থেকে এখনো পর্যন্ত ১৮টি সেঞ্চুরি পেয়েছেন রুট। বর্তমানে টেস্টে এক নম্বর ব্যাটার তিনিই। ২০২৪ সালেই বেশ কিছু রেকর্ড দখলে নিয়েছেন রুট। অ্যালিস্টার কুককে ছাড়িয়ে রান সংগ্রহে ইংল্যান্ডের শীর্ষ ব্যাটার হয়েছেন তিনি।











































