নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলায় সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার ১২ দিন পর গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুনিয়া তারাগাছা এলাকা থেকে বিল্লাল শেখ (৫০) নামের ওই আসামিকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিল্লাল শেখ চারটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গত ২৩ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিলেন স্বজনেরা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় দুই মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির স্বজনরা। এসময় আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় টহল পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরদিন পুলিশের উপ পরিদর্শক সেলিম মহলদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ব্যাপক অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া ওই আসামিকে গাজীপুর থেকে পুলিশের একাধিক টিমের চেষ্টায় ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে এবং পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয়া মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়েছে।’











































