মিলি রহমান।।
খুলনা নগরীতে বেড়েছে হত্যা, প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তারসহ নানা অপরাধমূলক ঘটনা। এলাকায় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীরা দিনে-দুপুরে পাড়া-মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা খুলনায় ফিরেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং ও বখাটেরা। এরকম বেশকিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে।
এসব ভিডিওতে দেখা যায়, গত ২১ নভেম্বর বিকেল চারটায় নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুটি মোটরসাইকেলে ধারালো অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী এসে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। অস্ত্রের মুখে কর্মচারীদের বের করে দিয়ে লকারে থাকা টাকা ডাকাতি করে নিয়ে যায় তারা।
৩ ডিসেম্বর রাত ১০টায় নিজেদের আধিপত্য জানান দিতে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী অস্ত্র হাতে মহড়া দিতে থাকে নগরীর নিরালা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ত্রাস সৃষ্টি করতে তাদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে আহত হন এক পথচারী। একই সন্ত্রাসী গ্রুপ পরে চাঁনমারি এলাকায় গিয়েও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া তারা ওই এলাকার আহাদ হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে।
এর চারদিন আগে ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আমির মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায় তারা। ৪ ডিসেম্বর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খুলনা মহানগরীতে গত তিন মাসে ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় ভেঙে পড়েছে খুলনা নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা।
এতে নগরীতে বেড়েছে হত্যা, প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তারসহ নানা অপরাধমূলক ঘটনা। এলাকায় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীরা দিনে-দুপুরে পাড়া-মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা খুলনায় ফিরেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং ও বখাটেরা। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, নজরদারিতে আছে অপরাধীরা। দ্রুত সবাইকে আনা হবে আইনের আওতায়।











































