Home খেলাধুলা অস্ট্রেলিয়া সিরিজের চিত্রনাট্যে জিম্বাবুয়ে সিরিজও পাকিস্তানের

অস্ট্রেলিয়া সিরিজের চিত্রনাট্যে জিম্বাবুয়ে সিরিজও পাকিস্তানের

9


স্পোর্টস ডেস্ক

চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরেও পরের দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছিল পাকিস্তান। জিম্বাবুয়ে সিরিজেও একদম একইরকম ঘটনাপ্রবাহের পর সিরিজ নিজেদের করে নিলো মোহাম্মদ রিজওয়ানের দল। ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারলেও সিরিজের বাকি দুই ম্যাচে দাপুটে জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।


আজ বৃহস্পতিবার বুলাওয়েতে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৫৯ বল বাকি থাকতেই ২০৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৯৯ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

টসে জিতে এদিন ব্যাটিং বেছে নেন রিজওয়ান। ব্যাটিংয়ে নামা সবাই এদিন রান পেয়েছেন। ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করেন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। এই ভিত্তি পেয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করেন কামরান গুলাম। ৯৯ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে থামেন তিনি। ওপেনার আব্দুল্লাহ শফিক ৫০ রান করে আউট হয়েছেন। অন্যদের মধ্যে রিজওয়ান ৪৭ বলে ৩৭, আগা সালমান ২৬ বলে ৩০ ও তৈয়ব তাহির ১৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে বড় অবদান রেখেছেন।

বড় লক্ষ্যে খেলতে নেমে কখনোই ম্যাচে শক্ত অবস্থানে যেতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেই আরভিন চারে নেমে হাফ সেঞ্চুরি করলেও শুরুর ব্যাটারদের মধ্যে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ২৭ বলে ৩৭ রান করে ব্রায়ান ব্রেনেট যদিও জয়ের ইন্টেন্ট দেখিয়েছেন। শেষদিকে ক্লাইভ মাদান্দের ২০ রান ও রিচার্ড নাগারাভার ১৭ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল। বাকি দুই উইকেট নেন ফয়সাল আকরাম ও কামরান গুলাম। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।