Home খেলাধুলা তিন গোলে এগিয়ে গিয়েও ম্যাসিটির ড্রয়ের হতাশা

তিন গোলে এগিয়ে গিয়েও ম্যাসিটির ড্রয়ের হতাশা

15


স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্স কাটিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিল ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফেইনুর্ডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়েও যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের ঝড়ে আশা গুঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও অবশ্য আধিপত্য করে সিটি। ৪৪তম মিনিটে হলান্ডের সফল স্পট কিকে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। নরওয়ের এই তারকাই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।

বিরতির পর পঞ্চম মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোগান। তিন মিনিট পর মাথেউস নুনেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড।

৭৫তম মিনিটে ব্যবধান কমান আনিস হেজ মুসা। সাত মিনিট পর আবার সিটির জালে বল পাঠিয়ে লড়াই জমিয়ে তোলেন সান্তিয়াগো হিমেনেস। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেক গোল করে সব হিসাব-নিকাশ বদলে দেন দাভিদ হানচকো।

পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্ড।