স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের বৃত্তেই রইল পিএসজি। এবার নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জার্মান জায়ান্টদের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল লুইস এনরিকের শিষ্যরা। এদিন গোলরক্ষকের দুর্বলতায় পিছিয়ে পড়ার পর বিরতির পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির উসমান দেম্বেলে।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বাভারিয়ানদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিম মিন-জে। হাইভোল্টেজ ম্যাচটি জিতে আসরের পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান কিছুটা মজবুত করল বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন ৩৮তম মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বলের উচ্চতায় লাফিয়ে ক্লিযার করতে পারেননি পিএসজি গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে হেডে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে।
বিরতির পর ৫৬তম মিনিটে বড় ধাক্কাটা খায় পিএসজি। আলফুঁস ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন দেম্বেলে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন আশরাফ হাকিমিও।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। এই চার ম্যাচের একটিতেও জালের দেখা পায়নি তারা।
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।











































