কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে লাউয়ের উৎপাদন প্রচুর হলেও বাজারে দাম বেড়ে যাওয়াটা বেশ বিস্ময়কর। এর মূল কারণ হতে পারে একটি সিন্ডিকেট, যারা বাজারে পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে কম দামে পণ্য কিনে বাজারে বেশি দামে বিক্রি করে। ফলে উৎপাদন পর্যায়ে কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেন না এবং ভোক্তাদেরও চড়া দামে কিনতে হচ্ছে।
গতকাল কেশবপুরের বড় বাজারে লাউ প্রতি পিস ৫০ টাকা দামে বিক্রি হয়েছে ছোট হোক বড় হোক দাম ৫০ টাকা। অথচ এই লাউ কেশবপুরে উৎপাদন হয় পরিবহন খরচ নামমাত্র।
একদিন পর মঙ্গলবার কেশবপুরের পুরাতন গরুহাটা বাজারে লাউ এর দাম পতি পিস ৬০ টাকা বিক্রি হচ্ছে প্রত্যেকটি সবজির দোকানে। সবজির দোকানদার আহাদ, আব্দুস সাত্তার, তারামিয়া ,আতিয়ার তাদের প্রত্যেকটি দোকানে পর্যাপ্ত পরিমাণে লাউ অথচ প্রতি পিস ৬০ টাকা দিয়ে ক্রয় করতে হবে।
সবজি বিক্রেতা তারা মিয়ার সাথে কথা বলে জানা যায় পাইকারি আড়তদার উপরে বড় লাউ দিয়ে নিচে ছোট লাউ সাজিয়ে একটা চড়া দাম হাঁকিয়ে লাউ বিক্রি করছে। আমরা খুচরা বিক্রেতা কি করতে পারি।
লাউ সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সিন্ডিকেটের কারণে লাউয়ের দাম বাড়তি থাকায় সাধারণ ক্রেতারা সমস্যায় পড়েছেন। স্থানীয় ভোক্তারা অভিযোগ করছেন, বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের চাপে দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোক্তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। সিন্ডিকেটের এই কারসাজির ফলে বাজারে প্রতিদিন পণ্যের দামে অস্থিরতা তৈরি হচ্ছে, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই বিরক্তিকর।
এ পরিস্থিতি দূর করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ভোক্তারা পণ্য কিনতে পারেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।










































