Home খেলাধুলা ‘ভিনগ্রহের গোলদাতা’ আর্লিং ব্রট হালান্ড!

‘ভিনগ্রহের গোলদাতা’ আর্লিং ব্রট হালান্ড!

27


স্পোর্টস ডেস্ক

আর্লিং ব্রট হালান্ড যেন ভিনগ্রহের গোলদাতা! বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্টা প্রাগের বিরুদ্ধে এই ম্যানচেস্টার সিটির তারকা যা করলেন তা অবিশ্বাস্যই। গোল করলেন অনেকটা অ্যাক্রোবেটিক স্টাইলে। দলকে ৫-০ গোলে জেতানোর পর স্তুতির জোয়ারে ভাসছেন এই ‘নরওয়েজিয়ান উড’।
স্পার্টার বিপক্ষে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় পরপর ২ গোল করেন হালান্ড। নিজেদের মাঠে সিটিজেনরা এই ম্যাচে জয় পেয়েছে ৫-০ গোলে। স্পার্টার ডি-বক্সে তখন কড়া পাহারা, গোল হবে কী? একটা ছুঁচো ঢোকারও জায়গা নেই। এসময় বল পেলেন হালান্ড। এরপর শূন্যে লাফিয়ে ব্যাক-হিল ভলিতে বল জালে পাঠান তিনি। এমন গোলে নিজ দল তো বটেই, প্রতিপক্ষ কোচেরও প্রশংসা কুড়ান সিটির এই স্ট্রাইকার। হালান্ডের অ্যাক্রোবেটিক গোল অবাক করেছে প্রায় সবাইকে। হালান্ডের ওই দুই গোলের প্রথম গোলটি আসে ৫৮ তম মিনিটে। এই গোল নিয়েই আলোচনা চলছে ইংলিশ গণমাধ্যমে। এই গোল কোনো মানুষের পক্ষে করা সম্ভব বলে মনে হচ্ছে না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলারও। সিটির ‘গোল মেশিন’ হালান্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমি বলব, এমন গোল স্বাভাবিক নয়। কোনো মানুষের জন্য নয়। অবিশ্বাস্য গোল।” ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কারাতে কিকে গোল করে আলোড়ন তোলেন হালান্ড। এবারের গোলটিও বিশেষ। এমন গোলে সৌন্দর্যের পাশাপাশি অসাধারণ শারীরিক সামর্থ্য বেশি ফুটে উঠেছে নরওয়ের এই তারকার। ম্যাচের মাত্র ৩ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেওয়া ইংলিশ তারকা ফিল ফোডেনও বললেন সেটাই। ফোডেন বলেন, “তাকে বলেছি, এটা করার চেষ্টা করলে আমার কুঁচকিতে টান পড়ত। আমি জানি না, সে কীভাবে এটা করেছে। আমার মনে হয়, এটা তার লম্বা পায়ের কারণে সম্ভব হয়েছে। সে অবিশ্বাস্য কাজ করেছে।” ৮৮ তম মিনিটে সফল স্পট কিকে জালের দেখা পাওয়া মাথেউস নুনেজ হালান্ডের অবিশ্বাস্য গোল দেখে বলেন, ‘কি অসাধারণ গোল। ওই গোলের পর আমি বাকরূদ্ধ হয়ে পড়ি। ডর্টমুন্ডের বিপক্ষে তার একই রকম গোল আমি টিভিতে দেখেছি, আরেকটি অবিশ্বাস্য গোল সরাসরি দেখা অসাধারণ ছিল।’