Home খেলাধুলা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

36


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এই পদে একমাত্র তিনিই মনোনয়ন জমা দিয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই পদটিতে আসীন হলেন সেনাপ্রধান।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) ও নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচন ২০২৪-এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসিকে এতদ্বারা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’

বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। পরে চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা হয় ৫২।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদে দেশের সেনাপ্রধান দায়িত্ব পালন করে আসছেন নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতি হয়েছেন। সবশেষ সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরের পর অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদ থেকেও পদত্যাগ করেন এসএম শফিউদ্দিন আহমেদ। সেই শূন্য পদেই নির্বাচনের উদ্যোগ নেয় বিওএ।