স্পোর্টস ডেস্ক
রেফারির সঙ্গে তর্ক হলো, লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হলো তাকে। সেই একই ব্যক্তি ম্যাচ শেষে রেফারির সম্পর্কে ভালো ভালো কথা বললেন! তবে এখানেই আছে খোঁচা, যেটা করতে একেবারে ওস্তাদ হোসে মরিনহো। ইউরোপা লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করার পর রেফারির দৃষ্টিশক্তি নিয়ে বিদ্রুপ করেন এই ফেনারবাচে কোচ।
বৃহস্পতিবার ইউরোপা লীগের ম্যাচটিতে মরিনহোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে তার বর্তমান ক্লাব ফেনারবাচে। এদিন ম্যাচের সময় এক ঘণ্টা হওয়ার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখেন মরিনহো।
ম্যাচের দ্বিতীয়ার্ধের বয়স ১৫ মিনিট হওয়ার পর পেনাল্টির দাবিকে ঘিরে রেফারির সঙ্গে বেশ এক চোট তর্ক করতে দেখা যায় মরিনহোকে। পরে তাকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে মরিনহো প্রথমে পেনাল্টি না দেওয়া নিয়ে কথা বলতে চাননি।
পরে টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য এক কথা বলেছেন। বলেছেন, একই সময়ে তিনি বক্সে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন। এমন দৃষ্টিশক্তির জন্য তাকে অভিনন্দন, তিনি অবিশ্বাস্য। ম্যাচের সময়, যেটা প্রায় ১০০ মাইল গতিবেগে চলছিল, তার এক চোখ ছিল পেনাল্টি–পরিস্থিতির ওপর এবং আরেকটি চোখ নজর রেখেছে বেঞ্চে আমার আচার–আচরণে। তিনি আমাকে এই ব্যাখ্যাই দিয়েছেন। তিনি এ কারণেই বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
কোচ হিসেবে মরিনিহো যেমন খ্যাতিমান, তেমনি বর্ণময় চরিত্র হিসেবেও তার পরিচিতি আছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিতর্কে জড়িয়েছেন, কথার তিরে বিদ্ধ করেছেন অনেককে। রেফারিদের সঙ্গেও তার দ্বন্দের সংখ্যা অনেক। গত বছর ইউরোপা লীগ ফাইনালে রোমার কোচ হিসেবে রেফারির সঙ্গে বাজে আচরণ করায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৪ ম্যাচ নিষিদ্ধ হন পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এই কোচ। এদিন ওই ঘটনার উদাহরণ টেনে জানান, এবারের লাল কার্ড দেখার বিপক্ষে তিনি আপিল করবেন না, ‘আপিল করলে ছয় মাস নিষিদ্ধ হতে পারি। সেভিয়া–রোমা ফাইনালের পর থেকে আর কিছুই করার নেই।’
শুধু তাই নয়, ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলে এমন কোনো ক্লাবের দায়িত্ব নিতে চান মরিনহো। চেলসির হয়ে প্রিমিয়ার লীগ ও রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাজয়ী এই কোচ বলেন, ‘ফেনেরবাচে ছাড়ার পর আমাকে এমন একটি ক্লাবে যেতে হবে, যারা উয়েফার প্রতিযোগিতায় নেই। সেটাই হবে সেরা সিদ্ধান্ত। তাই ইংল্যান্ডের (পয়েন্ট তালিকায়) নিচুর সারির কোনো দলের যদি আগামী দুই বছরের মধ্যে কোচের প্রয়োজন হয়, আমি যেতে রাজি।’











































