Home খেলাধুলা মুমিনুলের সেঞ্চুরি, পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

মুমিনুলের সেঞ্চুরি, পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

22


স্পোর্টস ডেস্ক

কানপুর টেস্টের চতুর্থ দিনটা মুমিনুল হকের সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের সফলতা খুব একটা নেই। ভারতীয় ইনিংসে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ৪টি করে উইকেট পেলেও স্বাগতিকরা ভালো অবস্থানে থেকেই মাঠ ছেড়েছে।

গ্রিন পার্কে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ করে ইনিংস ঘোষণা করেছে ভারত। দলটি তখন ৫২ রানের লিড পায়। এরপর বাংলাদেশ ২৬ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলে। ফলে সমান ২৬ রানে পিছিয়ে থেকেই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে জোড়া উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। জাকির হাসানকে ১০ রানে এলবি করার পর নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদকে বোল্ড করেন এই ভারত সেরা স্পিনার।

এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। এই রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বিস্ফোরক শুরু এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। তাতে একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন তারা।

বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ ওভারে (১৮ বলে) ৫১ রান তুলেছে ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলগত ফিফটি। এদিন হাসান মাহমুদের করা প্রথম ওভারে ৩টি চারে ১২ রান তুলে নেন জয়সোয়াল। খালেদ আহমেদের করা পরের ওভারে ২টি ছক্কা মারেন রোহিত। ওভারে মোট ১৭ রান আসে। তৃতীয় ওভারে আরও আগ্রাসন চালান এই দুজন। হাসানের করা এই ওভার থেকে রোহিত-জয়সোয়াল তোলেন ২২ রান। তাতে প্রথম ৩ ওভারেই ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ৫১ রান।

ভারত ভেঙেছে ইংল্যান্ডের রেকর্ড। এ বছরেরই জুলাইতে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার ২ বলে (২৬ বলে) দলগত ফিফটি করে ইংলিশরা। দলটি তাদেরই ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্য ওভালে ২৭ বলে দলগত ফিফটি করেছিল ইংল্যান্ড।

আজ গ্রিন পার্কে আরও রেকর্ড হয়েছে। ব্যাটিংয়ে আজ খালেদ আহমেদের ওভারে প্রথম মুখোমুখি হন রোহিত। প্রথম দুই বলেই বল হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেন তিনি। টেস্টে ইনিংস শুরু করার পরই প্রথম দুই বলে দুই ছক্কা মারার এমন কীর্তি আছে আর মাত্র ৩ জনের। এর মধ্যে ২ জনই আবার ভারতীয়। ২০১৯ সালে জর্জ লিন্ডের বলে এমন কীর্তি গড়েছেন মূলত বোলার উমেশ যাদব। আর ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নাথান লায়নের বলে নেমেই দুই ছক্কা হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকার। এই কীর্তি গড়া প্রথমজন হলেন ফফি উইলিয়ামস। ১৯৪৮ সালে জিম লেকারের বলে এই কীর্তি গড়েন তিনি।

ওপেনার রোহিত শর্মা ১১ বলে ২৩ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছেন। ৩১ বলে ফিফটি করা যশস্বী জয়সোয়ালকে বোল্ড করেন হাসান মাহমুদ। এই ওপেনর শেষ পর্যন্ত ৫১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন।

২০তম ওভারে ঋষভ পন্থকে (৯) হাসান মাহমুদের ক্যাচে ফেরান সাকিব আল হাসান। যেখানে আগের ওভারেই শুভমান গিলকে ফিরিয়েছেন এই তারকা। ৩৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৯ রান করা গিলকে সেই হাসান মাহমুদের ক্যাচেই আউট করেন সাকিব।

সাকিব এরপর বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকেও বিদায় করেন। ৩৫ বলে ৪৭ রান করা কোহলি বোল্ড হন। অশ্বিনকেও বোল্ড করেন সাকিব। আর মিরাজ লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপকে ফিরিয়ে সাকিবের মতো ৪ উইকেট দখল করেন। রাহুল ৪৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ করে স্টাম্পিং হন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকা।

এর আগে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করে অপরাজিত থাকলেও মুমিনুল হককে সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউ। তাতে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

কানপুর টেস্টের আজ চতুর্থ দিন। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। সেদিন ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল বাংলাদেশ। এরপর টানা দুইদিন বৃষ্টি ও ভেজা মাঠের কারণে খেলা মাঠেই গড়ায়নি। আজ চতুর্থ দিনে খেলা চলছে স্বাভাবিক গতিতেই। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করে বাংলাদেশ। তাতে ৬ উইকেটে ২০৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারায় দ্রুতই। মাত্র ২৮ রান তুলতেই হারায় ৪ উইকেট।

টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আজ উইকেটে শুরুর দিকে মুভমেন্ট পেয়েছেন ভারতের পেসাররা। দিনের ষষ্ঠ ওভারে জাসপ্রিত বুমরাহর একটি বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাবে ভেবে ছেড়ে দেন মুশফিক। তবে বিশাল ইনসুইং করে সেটিই আঘাত হানে স্টাম্পে। ১১২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে ২ চারে ১১ রান করেন মুশফিক।

এরপর দারুণ জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল ও লিটন। ৩৬ রান যোগ করার পর সিরাজের বলে লিটন ফিরলে ভাঙে জুটি। ৩০ বলে ১৩ রান করা লিটনের দুর্দান্ত ক্যাচ ধরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিরাজের বলে সজোরে মিড অফের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লিটন। তবে হাত উঁচিয়ে ধরা রোহিতের হাতে আটকে যায় বল। এক হাতে ধরে ফেলেন গুরুত্বপূর্ণ ক্যাচ। ছয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিবও। দলীয় ১৭০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পড়েছেন তিনি। এরপর মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল।

প্রথম সেশনের একেবারে শেষের দিকে এসে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। ১৭২ বলে সেঞ্চুরি হাঁকানো ছোটখাটো গড়নের এই খেলোয়াড় ১৭টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১টি ছক্কাও। দেশের বাইরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। বাকি ১১টি সেঞ্চুরিই তার দেশের মাটিতে। ৬ উইকেটে ২০৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুটা সাবলীলভাবেই করেছিলেন মুমিনুল ও মিরাজ। তবে দলীয় ২২৪ রানে জাসপ্রীত বুমরাহর বলে মিরাজ ফিরলে শুরু হয় ধস। ৪২ বল খেলা মিরাজের ব্যাটে ৪টি চারে আসে ২০ রান। তবে শেষের ৩ ব্যাটার ছিলেন নিষ্প্রভ। ২৩০ রানের মাথায় এই বুমরাহর বলেই সরাসরি বোল্ড হন তাইজুল ইসলাম। আর ৪ রান যোগ হতে ফেরেন হাসান মাহমুদ আর খালেদ আহমেদও। শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল।

প্রসঙ্গত, ম্যাচে প্রথম দুই সেশনে খেলা ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে। প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন। ৩১ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, ওপেনারদের মধ্যে সাদমান ইসলাম ২৪ রান করলেও শূন্য রানে আউট হয়েছেন জাকির হাসান।