স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের এই স্কোয়াডে তিন বিশেষজ্ঞ স্পিনার দেখা গেছে।
স্পিনার হিসেবে কেশভ মহারাজের সঙ্গে আরও আছেন সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। যদিও প্রোটিয়াদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। যেখানে কাগিসো রাবাদার সঙ্গে আছেন নান্দ্রে বার্গার, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
নতুন মুখ হিসেবে আছেন ম্যাথু ব্রিটজ। তিনি দেশটির হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি কখনো।
দ. আফ্রিকার আগামী১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। এরপর আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।











































