Home খেলাধুলা অলিম্পিকে বাংলাদেশ: জনসংখ্যায় বেশি, পদকে শূন্য

অলিম্পিকে বাংলাদেশ: জনসংখ্যায় বেশি, পদকে শূন্য

90


স্পোর্টস ডেস্ক।।

৬০টিরও বেশি দেশ আছে, যারা শুধু অলিম্পিকে অংশগ্রহণই করে যাচ্ছে, কোনো পদক নেই। তার মধ্যে আছে সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে। প্যারিস অলিম্পিকের আগে ১০টি আসরে লাল-সবুজের ৪৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড, আরচারি, সাঁতার, শুটিং, জিমন্যাস্টিকস ও গলফে। যেখানে পদক তো দূরের কথা, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেননি কোনো অ্যাথলেট।

সবচেয়ে বড় বিষয় হলো, আগের ৪৯ জনের মধ্যে ৪৭ জনই অলিম্পিকে খেলেছিলেন ‘দয়ার’ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। প্যারিস অলিম্পিক নিয়ে তিনটি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নিজ যোগ্যতায় খেলার টিকিট পেয়েছেন তিনজন। ২০১৬ রিওতে গলফার সিদ্দিকুর রহমান, ২০২০ টোকিওতে আরচার রোমান সানা এবং এবার আরচার মো. সাগর ইসলাম সরাসরি নিশ্চিত করেছেন অলিম্পিকের টিকিট।

১৯৮৪ বাংলাদেশের প্রথম অলিম্পিকে শুধু অংশ নিয়েছিলেন স্প্রিন্টার সাইদুর রহমান ডন। এর পর সংখ্যাটা কখনও ৭, কখনও ৬, কখনও ৫ আবার কখনও চারে গিয়ে ঠেকেছে। সর্বশেষ টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন ছয় ক্রীড়াবিদ। প্যারিসে এবার সংখ্যাটা কমে দাঁড়িয়েছে পাঁচে।

সাঁতার থেকে সামিউল ইসলাম রাফি এবং সোনিয়া খাতুন, অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম এবং আরচারি থেকে সাগর ইসলাম অংশ নিচ্ছেন এই আসরে। সব মিলিয়ে এবারসহ মোট ৫৪ জন অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদ হিসেবে নিজেদের নাম লিখেছেন।

যে গতিতে এগিয়ে চলেছে, তাতে পদকের সম্ভাবনা তো দূরের বাতি, প্রাথমিক পর্ব পার হওয়াটাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরানোর জন্য গতকাল তীর-ধনুক হাতে মাঠে নেমেছেন আরচার সাগর। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে র‍্যাঙ্কিং রাউন্ডে অংশ নিয়েছেন এ তীরন্দাজ। আজ আনুষ্ঠানিক উদ্বোধনীতে মার্চপাস্টে লাল-সবুজের পতাকা বহন করবেন তিনি।