স্পোর্টস ডেস্ক।।
তিন তিনটি অলিম্পিকের স্বর্ণপদক; এর মধ্যে মা হওয়া আবার ট্র্যাকে ফেরা। বলা যায়, এক জীবনে সবই পেয়েছেন শেলি অ্যান ফ্রেজার। প্যারিস অলিম্পিকের সূচনালগ্নে যখন ছেলে জিয়নকে কোলে নিয়ে হাজির হন, তখন আশপাশ থেকে জোর করতালি তাঁকে আরও বেশি রোমাঞ্চিত করে। তবে এটাই শেষ, আর কখনও অলিম্পিকের মতো মহামঞ্চে জ্যামাইকানদের হয়ে দৌড়াতে দেখা যাবে না ৩৭ বছর বয়সী এই অ্যাথলেটকে। ৬০, ১০০ ও ২০০ মিটারে অলিম্পিকের বাইরেও শেলির মুগ্ধতা দেখেছেন দর্শকরা। এবার তাঁর বিদায়ী মঞ্চটা রাঙানোর পালা। যদিও এই বয়সেও তাঁর কাছে বিদায় বলে কিছু মনে হচ্ছে না, ‘এটাই শেষ! আসলে জীবনে শেষ বলেও কিছু নেই।’
সেই বেইজিং অলিম্পিক দিয়ে আলোচনায় আসা। এর পর লন্ডনে স্বর্ণ জিতে রেকর্ড গড়া। ২০২০ টোকিওতে আবার স্বর্ণপদকটা হাতে নেওয়া। তাঁর দারুণ এই যাত্রা ক্যারিবিয়ানরাও উপভোগ করেছেন মন দিয়ে। এবার সুপারমম হিসেবে ট্র্যাকে নিজের সেরাটা দিয়ে চাইবেন আরেকটা পদক গলায় দিয়ে হাসতে। অলিম্পিক ছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠত্বের রানী হয়েছেন বহুবার। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০টি স্বর্ণপদক জিতেছেন শেলি, যেটা তাঁকে নিয়ে যায় আরও উচ্চতায়। হয়তো এবার আর আগের মতো প্রভাব ফেলতে পারবেন না এই দৌড়বিদ। তবে স্বর্ণ না হোক, বাকি দুই পদকের একটা পেলেও কম কীসে।
তারুণ্যই তাঁকে এনে দিয়েছিল গর্ব করার মতো প্রাপ্তি। নারীদের স্প্রিন্টে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দাপুটে অ্যাথলেট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০০ মিটারে সবচেয়ে কার্যকরীও শেলি। যার ধারেকাছে আর কোনো দৌড়বিদ পা রাখতে পারেননি।
ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি বৈশ্বিক স্প্রিন্ট টাইটেল বিজয়ীও তিনি। তাঁর এমন নৈপুণ্যের কারণে দর্শকরা পকেট রকেট নামেই ডাকে শেলিকে। যিনি কিনা ১০ মিনিট ৬০ সেকেন্ডেই পেরিয়ে যান ১০০ মিটার, যা কিনা এই ইভেন্টে তৃতীয় দ্রুততম। ২০২৩ সালে তাঁর হাতে ওঠে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। তার আগে ২০১৪ সালে ৬০ মিটার দৌড়ে ওয়ার্ল্ড ইনডোর টাইটেলও ওঠে শেলির হাতে। এমন বহু প্রাপ্তিতে জুড়ে আছে শেলি অ্যান ফ্রেজারের নাম। তাই তাঁকে চাইলেও ভুলতে পারবে না দর্শকরা। জ্যামাইকান এই দৌড়বিদ তাঁর শেষটা কেমন করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।











































