Home খেলাধুলা যুক্তরাষ্ট্রে ওবামার চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচে বেশি নিরাপত্তা

যুক্তরাষ্ট্রে ওবামার চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচে বেশি নিরাপত্তা

19


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। গত ২ জুন থেকে মেগা এই টুর্নামেন্ট শুরু হলেও গ্রুপপর্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে যাচ্ছে আগামীকাল সোমবার। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রিকেট ও আঞ্চলিকভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।

ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে দর্শকদের থাকে আলাদা আগ্রহ। রাজনৈতিক বৈরিতায় দুই দেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না বহুদিন ধরেই। তাইতো দর্শকদের জন্য আইসিসি ইভেন্টই ভরসা। এই প্রতিযোগিতা দেখতে টিভিতে তো বটেই, স্টেডিয়ামও থাকে কানায় কানায় পূর্ণ। তবে এই ম্যাচ ঘিরেই এসেছে হুমকি। জঙ্গি সংগঠন আইএসআইএস এই হুমকিদাতা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ম্যাচের আগে এই হুমকির কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে নিউইয়র্কের প্রশাসন, নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। দর্শকদের পাশাপাশি খেলোয়াড়দের এই নিরাপত্তাব্যবস্থায় সাহায্য করবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংস্থা। এমনকি এই নিরাপত্তা ব্যবস্থা বারাক ওবামার আগমনের সময়ও নেওয়া হয়নি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এই নিরাপত্তাব্যবস্থাকে তুলনা করেছেন ‘রাষ্ট্রপতি মানের’ নিরাপত্তার সঙ্গে। রাইডার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার মাত্রাটি কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনের তুলনায় অনেক বেশি হবে।’

তিনি আরও জানিয়েছেন, ম্যাচটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবে নাসাউ কাউন্টি পুলিশ, সাফোক কাউন্টি, নিউ ইয়র্ক স্টেটের পাশাপাশি এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে ভারত ও পাকিস্তান। তবে ভারত জয়ের দেখা পেলেও অপ্রত্যাশিতভাবে হেরে গেছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত আর সুপার ওভারে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গেছে বাবর আজমের দল।