Home খেলাধুলা দ. আফ্রিকার বিপক্ষে ১০৩ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

দ. আফ্রিকার বিপক্ষে ১০৩ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

18


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে থাকা দুই দল দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল। তাই আজ এই দুই দলের লড়াই শীর্ষস্থান দখলের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ডাচরা। টস হেরে প্রথমে ব্যাটিং করে থেমেছে ১০৩ রানে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় ম্যাচ। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। শুরু থেকেই ডাচদের চেপে ধরে প্রোটিয়ারা। ১২ ওভারের মধ্যে ৫০ রান তোলার আগেই দলটি হারিয়ে বসে ৬ উইকেট। মার্কো জেনসেন, এনরিখ নোর্কিয়াদের তোপে একে একে ফিরে যান মাইকেল লেভিট, ম্যাক্স ও ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরুর মতো খেলোয়াড়রা।

দল যখন এক শ’র অনেক আগে অলআউট হওয়ার শঙ্কায় তখন দলের হাল ধরেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বিক। সপ্তম উইকেটে এই দুজন যোগ করেন ৫৪ রান। তবে তার জন্য তাদের খেলতে হয়েছে ৪৪ বল। তাই দলের রান ১০৩ এর বেশি হয়নি। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি। ৪৫ বলে সর্বোচ্চ ৪০ রান এসেছে এঙ্গেলব্রেখটের ব্যাটে। ২২ বলে ২৩ রান করেছেন ভ্যান বিক।

বল হাতে শুরুর দিকে নোর্কিয়া-জেনসেরা তোপ দাগলেও শেষের আলো কেড়ে নেন তরুণ ওটেনেইল বার্টম্যান। শেষ ওভারেই তিনি শিকার করেন ৩ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দেওয়া এই পেসারের শিকার ৪ উইকেট। জেনসেন ও নোর্কিয়া যথাক্রমে ২০ ও ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।