স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরই ভ্রমণক্লান্তির বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল শ্রীলংকা। অন্য দেশের সঙ্গে তুলনা করে নিজেদের ভুক্তভোগী দাবি করেছিল দলটি। তবে ভ্রমণের দিক দিয়ে শ্রীলংকার চেয়েও বড় ‘ভুক্তভোগী’ বাংলাদেশ।
এবারের বিশ্বকাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের নয়টি ভেন্যুতে। এক ভেন্যু থেকে অন্যটির দুরত্ব অনেক। টুর্নামেন্টে গ্রুপপর্বের চারটি ম্যাচ তিনটি স্টেডিয়ামে খেলতে হবে বাংলাদেশকে। এছাড়া ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও (নিউইয়র্ক) খেলতে হয়েছে। সবমিলিয়ে চারবার ভেন্যু বদল করতে হচ্ছে বাংলাদেশকে। এজন্য সবচেয়ে বেশি সফর করতে হবে নাজমুল হোসেন শান্তদের।
‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম খেলা শ্রীলংকার বিপক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। দ্বিতীয় ম্যাচে একই দেশের নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে টাইগাররা। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কিংসটাউনে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ।
চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে যেতে বাংলাদেশকে ভ্রমণ করতে হচ্ছে ৯ হাজার ৯২১ কিলোমিটার। দুইয়ে থাকা শ্রীলংকাকে ৮ হাজার ৯৭ কিলোমিটার পাড়ি দিতে হবে। তালিকায় তিনে থাকা নেদারল্যান্ডসও আছে বাংলাদেশের গ্রুপে। তাদের ভ্রমণ করতে হবে ৭ হাজার ৩৮০ কিলোমিটার। চতুর্থ স্থানে থাকা নেপাল ৪ হাজার ২১৪ কিলোমিটার ভ্রমণ করবে।
পঞ্চম সর্বোচ্চ পথ পাড়ি দেবে তিনটি দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তিনটি দলই ৩ হাজার ৯২২ কিলোমিটার পথ পাড়ি দেবে। ৩ হাজার ৪৩৪ কিলোমিটার পাড়ি দেবে আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে পাড়ি দিতে হবে ৩ হাজার ৩০৬ কিলোমিটার।
সবচেয়ে কম পথ পাড়ি দেবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র ৫০৫ কিলোমিটার পথ ভ্রমণ করেই গ্রুপপর্ব শেষ করতে পারবে ইংলিশরা। ইংলিশদের পরেই সুযোগ পাচ্ছে ভারত। একই ভেন্যুতে তিনটি ম্যাচ খেলতে যাওয়া দেশটিকে পাড়ি দিতে হবে মাত্র মাত্র ১ হাজার ৭১৭ কিলোমিটার পথ। এছাড়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১ হাজার ৭০৯ কিলোমিটার, পাপুয়া নিউগিনি ও উগান্ডাকে ১ হাজার ২৪৬ কিলোমিটার, স্কটল্যান্ডকে ১ হাজার ২৪২ কিলোমিটার ও অস্ট্রেলিয়াকে ১ হাজার ১৯৫ কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে।











































