স্পোর্টস ডেস্ক
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জাসপ্রিত বুমরাহ আলো ছড়ালেও নিষ্প্রভ ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতেই জ্বলে উঠলেন হার্দিক। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেই ৩ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। বুমরাহও দারুণ বোলিং করেছেন। তাতে নির্ধারিত ২০ ওভারের ২৪ বল আগেই ৯৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু যাওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ওভারে উইকেট আগলে রাখলেও তৃতীয় ওভারে শুরু হয় আইরিশদের উইকেট পতন। তৃতীয় ওভারেই দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নিকে ফেরান আরশদীপ সিং।
এক পর্যায়ে পান্ডিয়া-সিরাজদের তোপে ৫০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। তবে একেবারে শেষের দিকে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখায় আইরিশরা। নবম উইকেটে জশ লিটলকে নিয়ে ২৭ রান যোগ করেন গ্যারেথ ডিলানি। দলীয় ৭৭ রানের মাথায় লিটল (১৩ বলে ১৪) আউট হলেও একপাশে আক্রমণ চালাতে থাকেন ডিলানি। শেষ পর্যন্ত ২৬ রান করে রানআউটে কাটা পড়েন ডিলানি, দল অলআউট হয় ৯৬ রানে।
ভারতের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ২৭ রান খরচায় ৩ উইকেট নেন পান্ডিয়া। ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে বুমরাহর শিকার ২ উইকেট। এছাড়া ৩৫ রান দিয়ে আরশদীপ দুটি ও একটি করে উইকেট নেন সিরাজ ও অক্ষর প্যাটেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপর মাঝখানে ৭টি আসর কেটে গেলেও শিরোপার দেখা পায়নি শক্তিশালী দলটি। এবার তাই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ভারতের। তাছাড়া এটিই হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির একসঙ্গে মাঠে নামা। তাই নিজেদের ‘শেষ টুর্নামেন্ট’ রাঙাতে চাইবেন তারা।











































