-রকিবুল ইসলাম।।
একটি তিন চাকার রিক্সার কথা চিন্তা করুন। গাড়িটি চালাতে পিছনের দুটি চাকায় কার্যকর থাকা চায়। দুটি চাকা ঠিকঠাক থাকলে সামনের চাকা সুন্দরভাবে চলতে পারে। কোন কারণে পিছনের একটি চাকা নষ্ট হলে কিংবা খুলে ফেললে সেই গাড়ি আর চলতে পারে না। আমাদের জাতীয় উন্নয়নও ওই রিক্সার চাকার মতই। যার পিছনের দুই চাকা হলো নারী ও পুরুষের সাথে তুলনীয় এবং সামনের চাকাটি দেশের উন্নয়নকে ঈঙ্গিত করে। নারী-পুরুষ উভয়ে যখন জাতীয় উন্নয়নে ভুমিকা রাখে তখন দেশ দুর্বার গতিতে এগিয়ে চলে ওই রিক্সার সামনের চাকার মতই। অন্যদিকে যদি নারীদের ঘরবন্দী রাখা হয়, উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে প্রকৃত উন্নয়ন কখনো সম্ভব নয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই সত্য উপলব্ধি করেই লিখেছিলেন-
“বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"
গত শতাব্দীতে শুরু হওয়া নারী জাগরণের যে আন্দোলন ছড়িয়ে পড়ে বর্তমান শতাব্দীতে তা আরও বেগবান হয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্ব নেতৃত্ব অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশও সেই নেতৃত্বের অংশীদার। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে অনেক ক্ষেত্রে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। বর্তমান সময়ের নারীরা অন্য সময়ের চেয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, চাকুরী ইত্যাদি ক্ষেত্রে অনেক এগিয়েছে। নারীরা এখন শুধু গৃহিণী নয়; কৃষক, শ্রমিক, পেশাজীবি, সাংসদ কিংবা উদ্যোক্তা হিসেবেও সফলতা দেখাচ্ছে। এসবের পিছনে অনুঘটক হিসেবে কাজ করছে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন নারীর ক্ষমতায়ন বিষয়ক নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) দ্বারা সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৩’ অনুসারে, লিঙ্গ সমতার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ পারফরমার হিসাবে আবির্ভূত হয়েছে। ৭২.২% স্কোর সহ, বাংলাদেশ বিশ্বব্যাপী ৫৯তম স্থানে রয়েছে, যা দক্ষিণ এশিয়ার ৮ টি দেশের মধ্যে শীর্ষে। বিগত ১০ বছর এই ধারাবাহিকতা বজায় রয়েছে। বাংলাদেশের জন্য আরও একটি উল্লেখযোগ্য অর্জন হল রাজনৈতিক ক্ষমতায়ন সাব-ইনডেক্স, যেখানে বাংলাদেশ ৫৫.২% লিঙ্গ সমতা অর্জন করে বিশ্বব্যাপী সপ্তম স্থানে রয়েছে। বিস্ময়করভাবে, বাংলাদেশে গত ৫০ বছরের মধ্যে ২৯.৩ বছর ধরে একজন নারী রাষ্ট্রপ্রধান ছিলেন, যা বিশ্বের মধ্যে দীর্ঘতম সময়কাল হিসেবে চিহ্নিত। এর আগে এমডিজিতেও নারীর উন্নয়নে অবদান রেখে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছিলো। তারই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে লিঙ্গ সমতা বিষয়ক এসডিজির ৫ নং লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার নারীর ক্ষমতায়নে লিঙ্গ-সংবেদনশীল নীতি ও কর্মসূচি প্রণয়ন করেছে। এই প্রচেষ্টাগুলির লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করা যেখানে নারীরা সক্রিয়ভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে। সমৃদ্ধ সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই ধরণের নীতি অপরিহার্য। রাজনীতিতে নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদে ৫০ টি আসন নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে জাতীয় সংসদে ৭০ জন নারী সদস্য রয়েছে যা মোট সদস্যের ২০ শতাংশ। এছাড়াও স্থানীয় সরকারে প্রায় ১৩,৫০০ জন নির্বাচিত নারী সদস্য বিভিন্ন স্তরে কাজ করছে। রাজনীতিতে নারী-পুরুষে বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশ ‘উইমেন ইন পার্লামেন্ট’ পদক লাভ করে৷ নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার বৈশ্বিক উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯৯৫ সালে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন (ইচঅ) লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং উন্নয়নের জন্য একটি অঙ্গীকার ব্যক্ত করা হয়, যা বাংলাদেশ সমর্থন করে। বাংলাদেশ ১৯৮৪ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশন (ঈঊউঅড) অনুসমর্থন করে, যা লিঙ্গ সমতা ও নারীর অধিকারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন নীতিমালা, আইন, বিধি ইত্যাদি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।” এখানে নারী-পুরুষ ভেদাভেদ চলবে না। এছাড়াও অনুচ্ছেদ ১৯(৩) এ বলা হয়েছে “জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।” ২৮ (৩) অনুচ্ছেদে আছে, “কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী- পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না”। সরকার নারীর সাধারণ উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে। ১৯৭২ সালে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ১০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছিল। ১৯৭৮ সালে, একটি স্বতন্ত্র মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নারীর অধিকার রক্ষায় সরকার গেজেটেড পদে ১০% এবং নন-গেজেটেড পদে ১৫% কোটা নির্ধারণ করেছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬০% পদের জন্য শুধুমাত্র মহিলাদের নিয়োগ দেওয়া হয়। উপরন্তু, সরকার আইন প্রয়োগ করে এবং অপরাধীদের বিচারের মাধ্যমে নারীদের নিরাপত্তা রক্ষা করছে।
অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে জেন্ডার রেস্পন্সিভ বিনিয়োগ ও বাজেট প্রণয়ন, নারী উন্নয়ন সংক্রান্ত নীতিগত নির্দেশিকা প্রণয়ন; সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি; জীবনমূখী প্রশিক্ষণ প্রদান; ক্ষুদ্র-ঋণ প্রাপ্তির সুযোগ ও নারী বান্ধব ব্যাংকিং ব্যবস্থা; নারী উদ্যোক্তাদের জামানত বিহীন ঋণ সুবিধা; অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সৃষ্টির মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি; কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সম-মজুরী এবং মেয়েদের সুরক্ষা ও এগিয়ে নেওয়া ইত্যাদি। এছাড়া ‘আশ্রয়ণ’, ‘একটি বাড়ি একটি খামার’ ও ‘জয়িতা’সহ বাংলাদেশে নারীদের সহযোগিতা, উৎসাহ ও প্রণোদনা প্রদানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিশু বিবাহ, যৌন নির্যাতন ও সহিংসতা রোধে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় পুলিশী ও অন্যান্য সেবা পেতে ‘জয় মোবাইল অ্যাপস্’ নামে একটি সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (ঐওঊঝ)-২০২২ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৪২.৫%। এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গার্মেণ্টস সেক্টরের সিংহভাগ কর্মী হলো নারী। ২০২৩-২৪ অর্থবছরে নারী উন্নয়নে ২ লাখ ৬১ হাজার ৭শ’ ৮৭ কোটি টাকার জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়। এই বাজেট নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রণী ভুমিকা পলনে ব্যয় করা হয়। নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য বিনামূল্যে শিক্ষা, মেধাবৃত্তি, উপবৃত্তি, মিড-ডে মিল প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া মেয়েদের জন্য স্কুল ও কলেজ স্থাপন করে দেশের সকল স্তরে নারী শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে ও মেয়েদের জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে।
নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে মানসম্পন্ন শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে নারীদের প্রবেশাধিকার, নারী উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ নিশ্চিত করা। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং বৈষম্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা জোরদার করা, লিঙ্গ সমতা নীতি বাস্তবায়ন ও প্রয়োগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় নারী স্বাস্থ্য পরিষেবাগুলোকে উন্নত করা। নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করা এবং সরকা্র,ি এনজিও এবং বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি করা। টেকসই অগ্রগতি এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যথাযথ মনিটরিং এবং মূল্যায়ন পদ্ধতি স্থাপন করা উচিত। এভাবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে আমাদের স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ করা সম্ভব হবে। পিআইডি, ফিচার/ লেখক-রকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী, খুলনা গণপূর্ত অধিদপ্তর।











































