Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান

19


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের ৫ দলের মধ্যে ২টি উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা ৪ দল খেলবে সেমিফাইনাল।

টুর্নামেন্ট উপলক্ষে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণীও। কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলবে; সেগুলো নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন ক্রিকেটের সাবেক তারকারা। কারা সেমিফাইনালে খেলতে পারে সেই ভাবনা জানিয়েছেন ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, অ্যারন ফিঞ্চ, মোহাম্মদ কাইফ, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। সেমিফািইনাল নয়, অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন তো সরাসরি বলে দিলেন, ফাইনালে খেলতে পারে কোন দুই দল।

সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারতকে বেশিরভাগ ক্রিকেটাররা রাখলেও ফাইনালের ক্ষেত্রে লায়ন সেই পথে হাঁটেননি। টেস্টে অস্ট্রেলিয়ার এই বিখ্যাত স্পিনারের মতে, ফাইনাল খেলবে নিজ দেশ ও পাকিস্তান।

একটি ভিডিওতে লায়ন বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দল হিসেবে অস্ট্রেলিয়াকে অবশ্যই রাখব, কারণ আমি তাদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট। (আরেকটি দল হিসেবে) আমার মনে হয় আমি পাকিস্তানের কথা বলব। সেখানকার কন্ডিশনে (তাদের আছে) দক্ষ স্পিনার ও বাবর আজমের মতো রোমাঞ্চকর ব্যাটার।’

টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতে পারে বলেও মনে করেন লায়ন, ‘আমার মনে হয় টুর্নামেন্টের শুরুর দিকেই টি-টোয়েন্টির (এক ইনিংসে) সর্বোচ্চ রান দেখতে পারি আমরা।’

আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ গ্রুপ

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল