Home খেলাধুলা বাংলাদেশ ম্যাচে অনিশ্চিত কোহলি

বাংলাদেশ ম্যাচে অনিশ্চিত কোহলি

24


স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে। কিন্তু বিরাট কোহলি দলের সঙ্গে এখনও সেখানে পৌঁছাননি। বাংলাদেশের বিপক্ষে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের আগামী ১ জুন প্রস্তুতি ম্যাচে এই তারকার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

কোহলি যুক্তরাষ্ট্রে কবে পৌঁছাবেন, এ ব্যাপারে কোনো খবর জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর আগে যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে গেছেন ভারতীয় খেলোয়াড়েরা। ব্যতিক্রম ছিলেন হার্দিক পান্ডিয়া। সবার আগে বিদায় নেওয়া মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক যুক্তরাষ্ট্রে গেছেন একটা বিরতি নিয়ে। অনুশীলনের ক্ষেত্রেও ভারত এগোচ্ছে ধাপে ধাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পেসার জসপ্রিত বুমরাহ বলেছেন, ‘আমরা এখনো ক্রিকেট খেলিনি। আজ শুধু দলের কার্যক্রমে অংশ নিয়েছি। আশা করি, ভালো হবে। আবহাওয়া ভালো। মুখিয়ে আছি।’

ভারত এই বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে। যেখানে পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে খেলবে তারা। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে তাদের। ৯ জুন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ১২ জুন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার বিপক্ষে খেলবেন রোহিতরা। সব কটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম তিনটি ম্যাচ নিউইয়র্কে, সর্বশেষ ম্যাচটি ফ্লোরিডায়।