স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় যে সাকিব আল হাসান, সেটি নির্দ্বিধায় স্বীকার করে নেবেন যে কেউ। বল কিংবা ব্যাট; সব বিভাগেই সমান পারদর্শী এই তারকা। বাংলাদেশ দলে এসেছেন আরেক সাকিব, তানজিম হাসান সাকিব। তবে নামে মিল থাকলেও কাজে তাদের মিল নেই। একজন স্পিন বোলিং অলরাউন্ডার হলেও আরেকজন পেসার। তবে ‘সাকিব ভাইয়ের’ একটি গুণ অর্জন করতে চান জুনিয়র সাকিব।
ক্রিকেট মাঠে কখনো চাপে ভেঙে পড়তে দেখা যায় না সাকিব আল হাসানকে। পরিস্থিতি যা-ই হোক সবসময় উৎফুল্ল দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। জুনিয়র সাকিবও মানসিক শক্তি নিজের মধ্যে দেখতে চান। বিসিবির ফেসবুক পেজে আপলোড করা ‘গ্রিন-রেড স্টোরি’র ভিডিওতে এসব কথা বলেন তিনি।
তানজিম হাসান সাকিব বলেন, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করব। এটা খুব ভালো লাগে যে তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যেকোনো পরিস্থিতিকে খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। ভাইয়ের এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে।’
আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, শ্রীলংকার বিপক্ষে। টুর্নামেন্টে খেলতে নামার আগে বেশ সমালোচিত বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে তানজিম সাকিব মনে করেন, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের।
তানজিম সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না, ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’









































