খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের শক্তির ওপর আমি সবসময় বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে, জনগণ যতক্ষণ চাইবে, ততক্ষণই ক্ষমতায় থাকব। কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি।’ শোষণ-বঞ্চনা রুখে দাঁড়াবার জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘যত বাধাই আসুক, আমরা সেই বাধাটা পেরিয়ে যেতে পারি বা যত চক্রান্ত হোক, সেই চক্রান্তগুলোকে পাশ কাটিয়ে দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা বিজয় নিয়ে আসি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হলে, তার বদলে কে আসবে ক্ষমতায়। তিনি বলেন, এটা স্পষ্ট নয় বলেই বিরোধীরা জনগণের সাড়া পাচ্ছে না।
সম্প্রতি থাইল্যান্ড সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধানমন্ত্রী গত ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনের আমন্ত্রণে থাইল্যান্ড সফর করেন। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক এই সফরে তিনি ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনেও যোগ দেন।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান এবং একে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য। আমাদের চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী ও স্বচ্ছ করা।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে আমরা নিশ্চিত করেছি যে, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করতে পারে।’ তিনি বলেন, ১৯৭৭ সালের ‘হ্যাঁ-না’ ভোট থেকে শুরু করে বাংলাদেশের পুরো নির্বাচনী ইতিহাসে প্রত্যেকটা নির্বাচন দেখলে দেখা যাবে, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যেকটি নির্বাচনের তুলনায় সবচেয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে। যেটা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য ছিল। কারণ, এ দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে।
প্রধানমন্ত্রী অতি বাম রাজনৈতিক দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে এক প্রশ্নের জবাবে বলেন, তারা পুরো ৯০ ডিগ্রি ঘুরে গেছে। তিনি বলেন, ‘ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে আসবে ক্ষমতায়- তারা কি সেটা ঠিক করতে পেরেছে? সেটাই আমার প্রশ্ন- কে আসবে ক্ষমতায়? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায় (ক্ষমতায়) সেটা কিন্তু স্পষ্ট নয়। আর সেটা স্পষ্ট নয় বলেই তারা জনগণের সাড়া পাচ্ছে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দলের নেতৃত্বে ১৪ দলীয় জোট এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন, এটাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ যে শোষণ-বঞ্চনার শিকার হয়েছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যই এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যায় এবং এটা প্রমাণিত সত্য। আর সেই কারণেই যত বাধাই আসুক, আমরা সেই বাধাটা পেরিয়ে যেতে পারি বা যত চক্রান্ত হোক, সেই চক্রান্তগুলোকে পাশ কাটিয়ে দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা বিজয় নিয়ে আসি।’
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কিছু লোক রয়েছে, যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কান ভারী করছে। তবে দেশের সাধারণ মানুষ এসব কথায় প্রভাবিত হয় না। তিনি বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনিদের পাশে আছি এবং আন্তর্জাতিকভাবেও তাদের পাশে দাঁড়াচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন যে আমেরিকায় আন্দোলন করার জন্য ৯০০ ছাত্রছাত্রী ও অধ্যাপক গ্রেপ্তার হয়েছেন আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ।’ যুক্তরাষ্ট্রের আগে নিজের ঘর সামলানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
রোহিঙ্গাদের বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। থাইল্যান্ডও আশ্বাস দিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসন নিয়ে সহযোগিতা করবে। তিনি তার থাইল্যান্ড সফর নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘থাইল্যান্ডের সফরে কী পেলাম আর কী পেলাম না- সেটা বড় বিষয় নয়। নতুন করে অর্থনীতির একটি দুয়ার খুলেছে। থাইল্যান্ডের সঙ্গে খাদ্য ও ফল উৎপাদনের বিষয়ে মতবিনিময় করা হয়েছে। থাইল্যান্ডকে বিনিয়োগ করার আহ্বান করা হয়েছে। পাসপোর্ট ছাড়া যেন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।’
সূত্র : বাসস











































