ঢাকা অফিস।।
পুলিশের সাবেক মহাপরির্দশক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের এক কর্মকর্তা জানান, অনুসন্ধানের অংশ হিসেবে তাদের আয়কর নথি সংগ্রহ করা হয়েছে। এখন অন্যান্য দপ্তর ও সংস্থা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহের কর্মকা- চলমান রয়েছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনে বেনজীরের বক্তব্য গ্রহণ করা হবে।
গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে গণমাধ্যমে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে গত ১৮ এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
গত ২২ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক যেন অনুসন্ধান করে, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। এরপর ২৩ এপ্রিল রিটের প্রাথমিক শুনানির পর দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট।
এদিকে আর্থিক লেনদেনের তথ্য চেয়ে গত ২৪ ও ২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে দুদক। এ ছাড়া সাব-রেজিস্ট্রার অফিস, জয়েন্ট স্টক কোম্পানি, স্টক এক্সচেঞ্জ, সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন দপ্তরেও তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।











































