স্টাফ রিপোর্টার
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলায় রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তেরখাদা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন ও জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবুল হাসান শেখ। বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম এবার প্রার্থী হননি। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, তার ভাই শেখ আকতার হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিছ আক্তার ধারা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জুবাইদা খান সুরভি। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মারুফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, আওয়ামী লীগের মো. জাকির হোসেন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গাজি মো. এনামুল হাসান মাসুম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩ হাজার ৭৬৮ জন এবং ভোট কেন্দ্র ৪৩ টি। দিঘলিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৭৪৮ জন এবং ভোট কেন্দ্র ৫২ টি। ফুলতলা উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮৭ জন এবং ভোট কেন্দ্র ৪৩ টি। খুলনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, আগামী ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।











































