আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় সাপ্তাহিক হাটে ভারত থেকে চোরাই পথে আসা ‘সবুজ সাথী’ সাইকেল বিক্রি হচ্ছে। শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেয়া ‘সবুজ সাথী’ সাইকেল বিক্রির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে। তবে পুলিশ বলছে, বিষয়টি তাদের জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।
স্থানীয়রা জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে রাস্তার পাশে প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাট বসে। হাটে পুরাতন বাইসাইকেল, ভ্যান ও মোটরসাইকেল বিক্রি হয়। মাঝেমধ্যে চোরাই সাইকেলও বিক্রি হয়ে থাকে। তবে গত কিছুদিন ধরে এই হাটে ভারত থেকে চোরাই পথে আসা বাইসাইকেলও বিক্রির জন্য আনা হচ্ছে। ইউটিউবে ৩ দিন আগে সোমনাথ ঘোষ নামে একজন সবুজ সাথী সাইকেল বিক্রির একটি ভিডিও আপলোড করেছেন। ওই ভিডিওতে এক যুবককে বেশ কয়েকটি সবুজ সাথী সাইকেল বিক্রির অপেক্ষায় থাকতে দেখা গেছে। ভিডিওটিতে বিক্রেতা তার মোবাইল ফোন নম্বর উল্লেখ করেছেন।
ওই ভিডিওতে দেখা যায়, নীল রঙের সাইকেলগুলোর সামনে বই রাখার জন্য কালো রঙের খাঁচা লাগানো। সাইকেলে ‘সুবজ সাথী’ প্রকল্পের লোগো এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘বিশ্ব বাংলা’র স্টিকার রয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে শাহপুর এলাকায় গিয়ে খোঁজাখুঁজি করেও ওই সাইকেল বিক্রেতাকে পাওয়া যায়নি। স্থানীয় দোকানী কিংকর কুণ্ডু ও মো. মন্টু জানান, ওই যুবকের বাড়ি এই এলাকায় নয়, অন্য কোথাও। ইউটিউবের ওই ভিডিওটি কিংকর কুণ্ডুকে দেখালে তিনি নিশ্চিত করেন যে, ভিডিওটি শাহপুর হাটেরই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, হাটে মাঝেমাঝে তারা নীল রঙের সাইকেল বিক্রি করতে দেখেছেন। তবে সেগুলো বৈধ নাকি অবৈধভাবে এসেছে তা তাদের জানা নেই। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিক্রেতা যুবক জানায়, তার বাড়ি ফুলতলা উপজেলার জামিরা এলাকায়। তার বাড়িতে গেলে ওই সাইকেল পাওয়া যাবে কিনা জানতে চাইলে বলেন, না বাড়িতে সাইকেল নেই। আগামী বৃহস্পতিবার সকালে হাটে গেলে সাইকেল পাওয়া যাবে। প্রতিটি সাইকেল বিক্রি করা হয় ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকায়। ভারতের বিনামূল্যের সাইকেল কোথায় পেলেন-জানতে চাইলে বলেন, কারা আনে তা জানি না। আমরা লোকের কাছ থেকে কিনে নিয়ে আসি।
এদিকে শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে দেয়া সাইকেল বাংলাদেশের হাটে বিক্রির ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এছাড়া গত দুই থেকে তিন দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ হচ্ছে।
এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বলেন, বিষয়টি জানা নেই, খোঁজখবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































