বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি।।
যশোরের বেনাপোলে রেশমা নামের তৃতীয় লিঙ্গের এক সদস্যের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেনাপোলের কাগজপুকুর প্রাইমারি স্কুলের ১০০ গজ দূরে একটি সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের হয়ে কাজ করতেন রেশমা। চোরাচালানি মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতেন তিনি। সোমবার সকালে স্থানীয়রা স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে নতুন কবর দেওয়ার মতো কিছু দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে গর্ত খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা, কী কারণে খুন করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।











































