স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট ১৭২ রানের বড় ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনের এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার নাথান লায়ন ও ক্যামেরন গ্রিন এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লায়ন দুই ইনিংস মিলিয়ে একাই কিউইদের ১০ জন ব্যাটারকে আউট করেন। আর গ্রিন প্রথম ইনিংসে বীরত্বপূর্ণ সেঞ্চুরি করেছিলেন।
৮ বছর পর নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৬ সালে নিউজিল্যান্ডের মাটিতে শেষ জয় পেয়েছিল দলটি।
নিউজিল্যান্ড যখন তাদের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ ম্যাচের চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমেছিল, তখন তারা প্রথম থেকেই হোঁচট খাচ্ছিল। চতুর্থ উইকেটে হাফ-সেঞ্চুরি জুটিও হয়েছিল রচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের মধ্যে। কিন্তু এরপর বাকি উইকেটগুলো নিয়মিত বিরতিতে তাসের ঘরের মতো পড়তে থাকে। ফলে নিউজিল্যান্ডের পুরো দল দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায়। ম্যাচটি ১৭২ রানে হেরে যায়।
স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের পতনের কারণ ছিলেন অজি স্পিনার নাথান লায়ন। যিনি তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। এভাবে দুই ইনিংসেই নিউজিল্যান্ডের এককভাবে ১০ উইকেট নেন লিয়ন। ডানহাতি অফস্পিনার তার টেস্ট ক্যারিয়ারে ২৪তম বারের মতো ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন। ২০০৬ সালের ডিসেম্বরের পর থেকে নিউজিল্যান্ডে প্রথম স্পিনার হিসেবে টেস্ট দশ উইকেট নেওয়া প্রথম স্পিনার হয়েছেন তিনি।
এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। যেখানে তারা প্রথম ইনিংসে ৩৮৩ রান করেছিল। ক্যামেরন গ্রিনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে এই রান তুলতে পেরেছিল অস্ট্রেলিয়া। গ্রিনের শতরান ছাড়া এত বড় স্কোর করা সম্ভব হতো না। চার নম্বরে খেলতে নেমে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন গ্রিন।
এরপর প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। কিউইরা তাদের প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ২০৪ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। এভাবে নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।
আগামী ৮ মার্চ ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।











































