স্পোর্টস ডেস্ক
আবারও মাথায় আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল পুকোভস্কি। আজ রবিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে খেলার সময় এই আঘাত পান ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
৪৪২ রানের লক্ষ্যে ভিক্টোরিয়ার হয়ে তিন নম্বরে নেমেছিলেন পুকোভস্কি। নিজের মোকাবেলা করা দ্বিতীয় বলেই আঘাত পান তিনি। রাইলি মেরেডিথের করা ওই বাউন্সারে মাথু নিচু করে বল ছাড়তে চেয়েছিলেন পুকোভস্কি। তবে নিরাপদে মাথা সরিয়ে নিতে পারেননি। ফলে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
ক্রিকেট ভিক্টোরিয়ার একজন কর্মকর্তা বলেন, ‘উইল বর্তমানে আমাদের চিকিৎসকদের হাতে আছেন। কিছুক্ষণ পর আমরা তার শারীরিক অবস্থা জানাবো।’
পুকোভস্কিকে অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে ধরা হয়। ক্যারিয়ারের শুরু থেকেই মাঠে কনকাশন (মাথায় আঘাত) হয়েছে তার। এবারসহ মোট ১১ বার কনকাশন হয়েছে তার। যদিও একদম সঠিক সংখ্যাটি নিয়ে মতানৈক্য আছে।
প্রথম শ্রেনিতে অভিষেকের আগে তিনবার কনকাশনে ভুগেছেন তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক ম্যাচেও ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান তিনি। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২১ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ম্যাচ পর্যন্ত আরও ৪ বার মাথায় আঘাত পান তিনি।
২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। দুই ইনিংসে ৭২ রান করেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবারও কনকাশনে ভোগেন তিনি। এরপর মানসিক সমস্যায় ২০২২ সালের অক্টোবরে ক্রিকেট থেকে এক বছরের বিরতি নেন এই ব্যাটার। ২০২৩ সালের অক্টোবরে আবারও ফেরেন ক্রিকেটে। এ বছরের জানুয়ারিতে আবারও তার কনকাশনের উপসর্গ ধরা পড়ে।











































