Home জাতীয় টার্গেট ২৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন

টার্গেট ২৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন

64

খুলনাঞ্চল রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালীসহ কক্সবাজারের ৮ উপজেলার ৪১ হাজার ৭৬৫ জন লবণ চাষি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লবণ মাঠে পুরোদমে নেমে পড়েছেন। অবশ্য কোনো কোনো এলাকা বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়ার লবণ চাষিরা গত বছরের শেষদিকে মাঠে নেমেছেন।

গত মৌসুমে এ টার্গেট ছিল ২৩ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা। এর বিপরীতে ২০২২-২৩ মৌসুমে লবণ উৎপাদন হয়েছিল ২২ লাখ ৩২ হাজার ৮৯০ মেট্রিক টন। যা ৬২ বছরের ইতিহাসে লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড।

চাষিরা বলছেন, বৃষ্টিপাত না থাকায় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এতো বেশি লবণ উৎপাদন করা সম্ভব ছিল। যে জমিতে লবণ উৎপাদন হয় সেই একই জমিতে বর্ষা মৌসুমে বাগদা চিংড়ি ও কাঁকড়া চাষ হয়। কিছু কিছু জমিতে ধান ও উৎপাদন হয়।

পরিবেশ পরিস্থিতি তথা আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা এ বছর ও টার্গেট অতিক্রম করতে পারবেন বলে আশাবাদী কক্সবাজার লবণ উৎপাদনকারী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।

চলতি মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে লবণের দাম ভালো থাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে লবণ চাষে নেমেছেন চাষিরা। চলতি মৌসুমে ৬৬ হাজার ৪২৪ একর জমিতে লবণ চাষ করছেন চাষিরা। তবে তাদের আশঙ্কা, বিদেশ থেকে লবণ আমদানি করা হলে তারা যথাযথ দাম পাবেন না। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন চাষিরা। ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়বে অভ্যন্তরীণ উৎপাদনে।

গত বছরের ডিসেম্বরে লবণ মৌসুম শুরুর পর থেকে বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়ায় এরই মধ্যে ১০ হাজার ৮৯০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে।

এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচ্চ পর্যায়ে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী ভুল বুঝিয়ে লবণ আমদানি করে দেশের চরম ক্ষতি করছে। ফলে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে লবণ চাষিদের মধ্যে শঙ্কা তৈরি হয়।

এবারে প্রথম লবণ উৎপাদন হয়েছে বাঁশখালী ও কুতুবদিয়া এলাকায়। সম্প্রতি ঘূর্ণিঝড় হামুন ও মিধিলির প্রভাবে ৪০ থেকে ১০৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে লবণ উৎপাদন ও মাঠ প্রস্তুতিতে কিছুটা হোঁচট খেয়েছে চাষিরা। তবে ধাক্কা দ্রুত কেটে উঠেন চাষিরা।

সরেজমিন জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, চাষিরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। বিস্তীর্ণ এলাকায় রোদের মধ্যে কাজ করেও তাদের চেহারায় তেমন ক্লান্তির ছাপ নেই।

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, দেশে লবণ উৎপাদনের ক্ষেত্র হচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী। এসব এলাকায় উৎপাদিত লবণ দিয়ে সারা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা সম্ভব।

টেকনাফের কাটাখালী, লম্বাবিল, উনছিপ্রাং, কাঞ্জরপাড়া, নয়াপাড়া, নয়াবাজার, মিনাবাজার, ওয়াব্রাং, সিকদার পাড়া, নাটমুরা পাড়া, চৌধুরী পাড়া, রঙ্গিখালী, লেদা, মোছনী পাড়া, সাবরাং ইউপির মন্ডল পাড়া, সিকদারপাড়া, নয়াপাড়া, কক্সবাজার সদরের খুরুশকুলসহ উপকূলীয় এলাকায় লবণ চাষিরা বলছেন, দেশে যথেষ্ট পরিমাণ লবণ উৎপাদন হয়। তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু তাদের দাবি, কোনোভাবেই যেন লবণ আমদানি করা না হয়।

কক্সবাজার সদরের চৌফলদন্ডীর চাষি আমান উল্লাহ বলেন, ঘূর্ণিঝড়ের আগে মাঠে নেমেছিলাম। কিন্তু পানির কারণে মাঠ উপযোগী করতে পারিনি। এরপর ২০ দিন হচ্ছে মাঠে নেমেছি। মাঠ প্রায় প্রস্তুত। তবে খালে ও মাঠে লবণপানি উপযোগী না হওয়ায় লবণ উঠতে আরো কিছুটা সময় লাগতে পারে।

মহেশখালী লবণ চাষি সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দীন জানান, দেশে প্রচুর লবণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চাষিদের সরকারিভাবে ঋণ দেওয়ার মাধ্যমে পৃষ্ঠপোষকতা করা হলে উৎপাদন আরো বাড়বে। এতে সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব পাওয়ার সুযোগ তৈরি হবে।

বিসিক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ মৌসুমে দেশে লবণের চাহিদা ২৫ দশমিক ২৮ লাখ টন। মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে মজুত রয়েছে ১ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ মৌসুমে চাহিদা ছিল ২৩ দশমিক ৮৫ লাখ টন। ওই মৌসুমে উৎপাদন হয় ২২ লাখ ৩২ হাজার ৮৯০ মেট্রিক টন। ২০২৩-২৪ মৌসুমে লবণের মূল্য ধরা হয়েছে মণপ্রতি ৫২৬ টাকা এবং টনপ্রতি ১৩ হাজার ১৪৬ টাকা।

এছাড়া বৃহৎ লবণ কেন্দ্র রয়েছে কুতুবদিয়ার লেমশিখালী, উত্তর নলবিলা, মহেশখালীর গোরকঘাটা, মাতারবাড়ি, ঈদগাঁওর গোমাতলি, পেকুয়ার দরবেশকাটা, চকরিয়ার ডুলাহাজারা ও ফুলছড়ি, টেকনাফ, বাঁশখালীর পূর্ব বড়ঘোনায়।

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কক্সবাজারের পরিদর্শক (উন্নয়ন) মো. ইদ্রিস আলী জানান, নভেম্বরের শুরু থেকে মাছ চাষ, কাঁকড়া চাষ ও ধানের চাষ প্রায় শেষ। এরপর থেকে চাষিরা লবণ উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছেন। বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে তারা উপকৃত হবেন।

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের (বিসিক) উপ মহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া বলেন, যে জমিতে আগে ১২-১৩ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হতো, আর সেই একই জমিতে এখন ২৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের টার্গেট নিয়ে চাষিদের মাঠে নামিয়েছি। এর কারণ আগে সনাতন প্রযুক্তিতে কাঁদা লবণ উৎপাদন হতো মাঠে। আমরা চাষিদের সেখান থেকে বের করে আধুনিক পলিথিন প্রযুক্তিতে সাদা লবণ উৎপাদনে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি। সামনে আরো সুখবর আসছে লবণ উৎপাদনে।

তিনি আরো বলেন, কক্সবাজারের চৌফলদন্ডীতে হচ্ছে বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট। এতে কীভাবে আরো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বছর লবণ উৎপাদন করা যায় সে বিষয়ে কাজ চলছে। আগামীতে আরো নতুন প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ব্যয়ে ও কম সংখ্যক মানুষকে কাজে লাগিয়ে বেশি লবণ উৎপাদনে আমরা আশাবাদী।