Home আঞ্চলিক ঘোড়া পালনে স্বাবলম্বী ঢালার চরের মানুষ

ঘোড়া পালনে স্বাবলম্বী ঢালার চরের মানুষ

129

খুলনাঞ্চল রিপোর্ট
পাবনার ঢালারচর ইউনিয়নে ২২টি গ্রামে প্রায় ২৫ হাজার লোকের বাস। তাদের প্রধান পেশা কৃষি এবং মাছ ধরা। বর্ষার সময় নৌকা বা ট্রলার ছাড়াযাতায়াত করা যায় না আর শুকনো মৌসুমে ক্ষেতের আলপথে হাঁটতে হয়।

দুর্গম জায়গা বলে এক সময় ঢালারচর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। ২০০১ সাল পর্যন্ত এক দশকে এখানে পাঁচজন পুলিশসহ অর্ধ শতাধিক মানুষ চরমপন্থীদের হাতে খুন হয়েছিলেন। সেই ঢালারচরের কথা শুনলে পিলে চমকে ওঠারই কথা।

আশার কথা, সেই চরে এখন বইছে বদলে যাওয়া হাওয়া। যে দুর্গম চরের একমাত্র বাহন ছিল ঘোড়ার গাড়ি। সেই ঘোড়ার গাড়ি চালনা ও ঘোড়া পালনই এখন বহু মানুষকে সচ্ছল করেছে।

জানা গেছে, পাবনা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে পাবনা, রাজবাড়ি ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা পাবনার বেড়া উপজেলার ঢালার চর। প্রত্যন্ত এ জনপদে বর্ষায় এখনো পাল তোলা নৌকা চলে। যদিও এক সময়ে পদ্মা-যমুনা তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ঢালার চরের কথা শুনলে মানুষ আঁৎকে উঠতেন। খুন সস্ত্রাসে ভরা ছিল বলে নাম হয়েছিল রক্তাক্ত ঢালারচর। তবে সেই ঢালারচরে এখন আলোর ইশারা। মানুষ নানা পেশায় সফল হয়েছেন। এমনই একটি পেশা ঘোড়া পালন। ঘোড়া লালন পালন করে এবং ঘোড়া গাড়ি চালিয়ে এলাকার বহু মানুষ এখন স্বাবলম্বী। ঢালারচরের ঘোড়ার সুনাম এখন সারা দেশব্যাপী।

 

ঘোড়া লালন-পালন করে পারিবারিক সচ্ছলতা ফিরিয়েছেন ঢালারচরের চর নতিবপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা আব্দুল মজিদ।তার ছেলে শাহীন মোল্লা জানান, ঘোড়া লালন-পালন করে তারা পারিবারিক সমৃদ্ধি ঘটিয়েছেন। তারা শুধু নিজেরা সচ্ছল হননি। তাদের দেখাদেখি আরো বহু লোক ঘোড়া পালন করে সচ্ছল হয়েছেন। ঘোড়ার আকার ও জাত ভেদে দামের তারতম্য রয়েছে বলে জানান।

তিনি জানান, ঘোড়া লালন পালন করা খুব কঠিন নয়। গরু যা খায় না, ঘোড়া তাও খেয়ে থাকে। তাছাড়া এখানে ঘোড়া ছেড়ে দিয়ে লালন পালনের একটা বাড়তি সুবিধা রয়েছে।

তিনি জানান, শুধু বর্ষাকালে এখানে একটু সমস্যা। তারপও ঘোড়াওয়ালারা পানি পাড়ি দিয়ে জেগে থাকা চরে অনেক ঘোড়া ছেড়ে দিয়ে আসেন। ঘোড়া জলমগ্ন ঘাসও খায়। চলতি বর্ষা মৌসুমেও অনেক ঘোড়া যমুনার গহীন চরে লেকে আসা হয়েছে। তারা এলাকার পুরানা ঘোড়া চাষি বলে তাদের কাছে লোকজন ঘোড়া লালন-পালনের কথা জানাতে চান। তারা সানন্দে আগ্রহীদের তা জানিয়ে দেন।

এলাকার শিক্ষিত যুবক ঢালাচর ইউপির মীরপুর এলাকার আবু হানিফ জানান, ঢালার চরের বিস্তীর্ণ বালু চরে ধান, পাট, বাদাম, মরিচ, মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা চরের সংগ্রামী মানুষেরা যমুনা পাড়ে ফলাচ্ছেন সোনার ফসল। সেই ফসল ঘরে আনার একমাত্র বাহন ঘোড়া গাড়ি। ঘোড়া গাড়ি চালিয়ে তার পাশাপাশি ঘোড়া লালন-পালন করে আর্থিক সচ্ছলতা ফিরিয়েছেন আব্দুল লতিফ।

তিনি জানান, ১১ বছর ৮ মাস ধরে ঘোড়া গাড়ি চালাচ্ছেন। পাশাপাশি ঘোড়া লালন পালন করে সংসারে সমৃদ্ধি এনেছেন।

আজিজুল কাজীর ছেলে আজাদ কাজী জানান, তারা ৬ ভাই বোন। পৈত্রিক সম্পদ বলতে কিছুই পাননি। তিনি এক সময়ে মহিষের গাড়ি চালাতেন। কিন্তু মহিষের দাম অনেক বেড়ে যাওয়ায় মহিষের গাড়ি চালনা বাদ দিতে হয়। বছর তিনেক হল তিনি ঘোড়া লালন পালন করছেন এবং ঘোড়া গাড়ি চালাচ্ছেন। অল্প পুঁজি লাগায় ঘোড়া গাড়ি অনেক লাভজনক। ঘোড়া লালন পালন করেও চলছেন তি।নি। এই ঘোড়ার ওপরই তার সংসার চলছে। তিনি তার ছেলে-মেয়েকে লেখাপড়াও শেখাচ্ছেন।

আব্দুল মাজেদ জানান, ঘোড়া চালিয়ে ও ঘোড়া বিক্রি করেই সংসার চলছে। ছেলে-মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন।

ঘোড়া গাড়ি চালক সুজন জানান, পুরুষ ঘোড়া দিয়ে মাল টানাতে সুবিধা। আর মাদি ঘোড়া যেহেতু বাচ্চা দেয় তাই সেদিক দিয়ে এটাও লাভজনক। ঘোড়া গাড়ি চালানোর পাশাপশি ঘোড়া পালন করে বিক্রি করেন।

ঘোড়া খামারি মজির আলী জানান, খামার করে ছোট ছোট ঘোড়ার বাচ্চা কিনে বড় করে বিক্রি করেন। আরো অনেক তরুণ বেকাররাও ঘোড়া চাষে এগিয়ে এসেছেন বলে জানান। ঘোড়ার গাড়ি করার জন্য যেমন অনেকে ঘোড়া কিনতে আসেন তেমনি অনেক সৌখিন লোক কিম্বা পেশাজীবীরা আসেন ঘোড়া কিনতে। পাবনা জেলা এবং জেলার বাইরে থেকেও অনেকে ঢালার চরে ঘোড়া কিনতে আসেন।

পুরা ঢালারচর এলাকা ঘরে দেখা গেছে, বাড়ির পুরুষ লোকজনের পাশাপাশি গৃহিনীরাও ঘোড়া দেখা শোনা করেন। এতে সংসারে বাড়তি আয় আসায় তারা লাভবান হচ্ছেন।

ঢালার চর ইউপির বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুল হালিম সরদার জানান, ঢালার চরে যাওয়া নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে এক সময়ে চরম ভীতি কাজ করতো। চরের মানুষ অনেক সহজ সরল। তারা ভালো জীবিকা পেলে বিপথে পা বাড়ায় না। তাদের অনেকেই যেমন ঘোড়া পালনে মনোনিবেশ করেছেন তেমনি তারা এ কাজে বেশ লাভবানও হচ্ছেন বলে জানান।

ঢালার চরের ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার জানান, ঢালার চরকে রক্তাক্ত দ্বীপ থেকে আলোকিত জনপদে রুপান্তরে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছেন। মানুষ এখন লাভজনক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই এটা সম্ভব হয়েছে। তার ইউনিয়ন পরিষদেরই এক কর্মচারী (চৌকিদার) আব্দুল মজিদ ঢালারচরে ঘোড়ার খামার করে নিজে লাভবান হয়েছেন। তার পথ অনুসরণ করে অন্যরাও লাভবান হচ্ছেন।

পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল জানান, ঘোড়া একটি নিরীহ প্রাণী। এর তেমন রোগ বালাই নেই। খাবারেও খুব একটা বাছ বিচার নেই। ঘোড়ার গাড়ি করা যেমন লাভজনক তেমিন বাণিজ্যিক ভিত্তিতে ঘোড়ার খামার করাও লাভজনক। ঢালারচরে অবারিত মাঠ ঘোড়ার উপযুক্ত চারণভূমি। ফলে সেখানে ঘোড়া পালন করে অনেকেই লাভবান হচ্ছেন। বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।