* দালাল কর্মকর্তা-কর্মচারী একাকার * সোনা ও মানব পাচারের নানা পন্থা * ৯০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা * বেবিচকের চিঠিতে খুশি নয় মন্ত্রণালয়
ঢাকা অফিস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন্সের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিমানবন্দরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে আইনের আওতায় আনা হলেও অনেকে এখনো কৌশলে অপরাধ চালিয়ে যাচ্ছেন। এসব অপরাধীচক্র হযরত শাহজালাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা ও মানব পাচারে বেশি সক্রিয়।
বিমানবন্দরকেন্দ্রিক এই অপরাধীচক্রগুলোর বিরুদ্ধে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি প্রতিবেদন দাখিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ঐ প্রতিবেদনে ৯০ জন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের নাম উঠে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঁচটি চিঠি দেওয়া হয়। বেবিচক ঐসব চিঠির জবাব দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাতে সন্তুষ্ট হতে পারেনি।
গত বছরের ২৫ জুলাই বিমান মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত সর্বশেষ ঐ চিঠিতে বলা হয়, শাহযালাল বিমানবন্দরে সক্রিয় মানব ও সোনা পাচারকারী চক্র এবং তাদের এজেন্টদের বিরুদ্ধে গৃহীত অগ্রগতির বিষয়ে বেবিচক সর্বশেষ যে চিঠি দিয়েছে, তাতে প্রদত্ত তথ্যাদি স্বয়ংসম্পূর্ণ নয়।
বেবিচকের জবাব পর্যালোচনা করে দেখা যায়, মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি অনুযায়ী বিদেশি এয়ারলাইন্সে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে এর আগে মন্ত্রণালয় থেকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্স কী ধরনের ব্যবস্থা নিয়েছে এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়নি। এ অবস্থায় বর্ণিত বিষয়ে বিদেশি এয়ারলাইন্সে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, এ সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তাকর্মী মোহাম্মদ বেলালকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জিজ্ঞাসাবাদে বেলাল বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম জানালেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করে মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি মামলার অভিযোগে বলেন, ১১ ফেব্রুয়ারি মফিজুর রহমান ও আশরাফুল আলম ভূঁইয়া নামের দুই বাংলাদেশি মার্কিন ভিসার জন্য সাক্ষাৎকার দিতে যান। সাক্ষাৎকার দেওয়ার সময় তারা স্বীকার করেন- তারা দুজন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানব পাচারে জড়িত। তারা মূলত দালাল হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তারা ভুয়া নথিও জমা দিয়েছিলেন।
মফিজুর রহমান সম্পর্কে এজাহারে বলা হয়েছে, তিনি বাংলাদেশ থেকে দুবাইয়ে মানব পাচার করেন। পাশাপাশি অন্য দালালদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মানব পাচার করেন। তিনি নিজের ভাইকে বাংলাদেশ থেকে প্রথমে ভারত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামে পাঠান। সেখান থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যান যুক্তরাষ্ট্রে।
আশরাফুল আলম ভূঁইয়া সম্পর্কে এজাহারে বলা হয়, তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন, তিনিও মানব পাচারের ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করেন। তিনি দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে মানব পাচারে সহায়তা করেন। মানব পাচারে তাকে অর্থের বিনিময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা সাহায্য করেন বলে তিনি জানান।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মামলাটি তদন্ত করবে।
এর আগে, গতবছরের ২৪ অক্টোবর বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে বিমানের বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ ও ৭ ডিসেম্বর বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কানাডায় পালিয়ে গেছেন।
তাদের বিরুদ্ধে সোনা ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কাছে বিমানের বিভিন্ন চুক্তিপত্র, আরআই পলিসি এবং সফটওয়্যারসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তারা তথ্য পাচার করতে পারেন বলে আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে পুলিশের বিমানবন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ডেইলি বাংলাদেশকে বলেন, মার্কিন দূতাবাসের মামলার বিষয়ে গুলশান থানা থেকে বিমান বাংলাদেশে এখনো কোনো তথ্য আসেনি। যদি থানা থেকে এ ধরনের কোনো তথ্য আসে তাহলে অবশ্যই আমরা সেটিকে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।











































