মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ জমিজমা সংক্রান্ত বিরোধে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে। আহতদেরকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জিউধরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম শিকদারের ছেলে ইলিয়াস শিকদার (৩৫) নিজ জমিতে মাটি কাটতে গেলে প্রতিবেশী একই গ্রামের নাসির শিকদারের নেতৃত্বে ৮-১০ জনের সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুতর জখম করে অবরুদ্ধ করে রাখে। এ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করতে গেলে বোনের জামাতা আলতাফ জজ (৫০) ও নাজমুল শেখ (২৬)কে হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস শিকদার বলেন, ৫ কাঠা ফসলী জমি নিয়ে এক বছর ধরে প্রতিপক্ষ নাসির শিকদারের সঙ্গে বিরোধ চলে আসছে। পরিকল্পিতভাবে লোকজন নিয়ে প্রতিপক্ষরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। নাসির শিকাদার বলেন, জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
আমরাও আহত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি আছি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারপিটের বিষয়টি শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































