স্টাফ রিপোর্টার।।
খুলনায় ধর্ষণের অভিযোগ করা ও পরে অপহরণের শিকার সেই তরুণী এবার বলছেন ভিন্ন কথা। সোনাডাঙ্গা থানায় হাজির হয়ে তিনি বলেছেন, আমাকে ধর্ষণ বা অপহরণ করা হয়নি।
রোববার রাত পৌনে ১১টায় মাইক্রোবাসে করে থানায় আসেন ওই তরুণী ও তার মা। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ওই তরুণী জানান, তিনি ধর্ষণের শিকার হননি। তাকে ২ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছিল। রোববার বিকেলে সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি গাড়িতে নিজেই রওনা দেন। পরে যশোরের কেশবপুরে এক আত্মীয়র বাড়িতে যান। পুলিশ খবর দেওয়ায় তারা আবার থানায় এসেছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আমিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান- ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তাকে ধর্ষণ করেনি। এছাড়া খুলনা মেডিকেল হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে কেউ অপহরণ করেনি। তিনি নিজেই এক আত্মীয়র বাড়িতে চলে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, অপহরণের অভিযোগে আটক গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই মো. তৌহিদুজ্জামানের বিরুদ্ধেও ওই তরুণীর কোনো অভিযোগ নেই। সে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে।
এর আগে রোববার বিকেলে খুমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে বের হওয়ার পর ধর্ষণের অভিযোগ করা ওই তরুণী ও তার মাকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। ওই সময় ঘটনাস্থল থেকে তৌহিদুজ্জামানকে আটক করে পুলিশ।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, বিকেলে ওই তরুণীকে ছাড়পত্র দেওয়া হবে জানতে পেরে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা ওসিসির সামনে অপেক্ষায় ছিলেন। ছাড়পত্র পাওয়ার পর ওই তরুণী তার মাকে সঙ্গে নিয়ে বাইরে বের হন। তখন মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান। এ সময় আগে থেকে সেখানে অপেক্ষারত দুর্বৃত্তরা ওই তরুণী ও তার মাকে ধাক্কাধাক্কি করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ ছাড়া তাদের ২-৩ জন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর দ্রুত মাইক্রোবাসটি ঘটনাস্থল ত্যাগ করে।











































