স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। ৪২৭ দিন পরে এই ফরম্যাটে খেলতে নামবেন তিনি। কিন্তু এবার কোহলির পারফরম্যান্স কড়া নজরে দেখা হবে। নির্বাচকদের কাছ থেকে কড়া বার্তা পেয়েছেন তিনি।
আফগানিস্তান সিরিজের পারফরম্যান্স ঠিক করে দেবে কোহলি টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কি না। এরপরে আইপিএলেও দেখা হবে। দল নির্বাচনের আগে কোহলির সঙ্গে এ ব্যাপারে নির্বাচকেরা কথা বলে নিয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের নির্বাচকেরা দল বেছে নেয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে কোহলির সঙ্গে আলোচনা করেন। ভারতের সাবেক অধিনায়কের থেকে তাদের কী প্রত্যাশা, সেটা স্পষ্ট বলে দিয়েছেন।
এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলির ভূমিকার কথাও জানিয়ে দেওয়া হয়। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন কোহলির সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকর দেখা করেছিলেন বলে জানা গেছে। সেখানেই বৈঠক হয়েছে।
তবে রোহিত শর্মা বা শুভমান গিলের সঙ্গে এমন কোনো আলোচনা হয়েছে কি না তা জানা যায়নি।
টি-২০ ফরম্যাটে ১১৫ ম্যাচে ৪০০৮ রান রয়েছে কোহলি। তবে ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর খেলেননি তিনি। মূলত হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো সিনিয়র ক্রিকেটারের চোট এবং অভিজ্ঞতার কারণে তাকে বিশ্বকাপের দলে চাইছেন নির্বাচকেরা।











































