স্পোর্টস ডেস্ক
বিগত কিছুদিন ধরে মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। সম্প্রতি ফিফা নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্তি পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচ ডরিভাল জুনিয়রের অধীনে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্যে নামার অপেক্ষায় সেলেসাওরা।
কিন্তু এরই মাঝে দলটির তারকা মিডফিল্ডার লুকাস পাকুয়েতার ইনজুরির খবর এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বাঁ-হাঁটুর চোটে তাকে অন্তত ২ মাসের জন্য বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম বিবিসি।
গত রোববার এফএ কাপের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন এই ব্রাজিল তারকা। গত ডিসেম্বরের শেষদিকে আর্সেনালের বিপক্ষে পাওয়া চোট নতুন করে এদিন জেগে উঠেছে পাকুয়েতার। যে কারণে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে মাঠ ছাড়তে হয়।
হাঁটুতে চোট থাকায় ২ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষেও ম্যাচটি খেলতে পারেননি পাকুয়েতা। বিবিসি বলছে, তার চোটের মাত্রা জানার জন্য একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে। ২০২৩ সাল-জুড়ে ওয়েস্টহ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
পাকুয়েতার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিতভাবে বড় ধাক্কা হয়ে আসছে ডেভিড ময়েসের দলের জন্য। ৪৩ বছরের ইতিহাসে ওয়েস্টহ্যাম গত বছরের জুনে প্রথম কোনো শিরোপা জিতেছিল। ইউরোপা কনফারেন্স লিগে ফ্লোরেন্তিনাকে হারানোর দিনও ম্যাচজয়ী গোলটি আসে পাকুয়েতার পাস থেকে।
এবারের মৌসুমে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন। যেখানে ৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬টিতে। লিগ টেবিলে বর্তমানে তার দল ৩৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে।
সর্বশেষ ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে খেলেছিলেন পাকুয়েতা, জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। তবে সামনে দুটি প্রীতি ম্যাচে তাকে সেলেসাও জার্সিতে পুনরায় দেখা যাওয়ার সম্ভাবনা ছিল।











































