স্পোর্টস রিপোর্টার।।
হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি All Postsহয়েছিলেন দুইদিন আগে। কিন্তু আর বাসায় ফেরা হলো না। গতকাল সকাল ৭টায় না ফেরার দেশে চলে গেলেন পঞ্চাশের দশকের নামী ফুটবলার জহিরুল হক। ৮৯ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেমেয়ে রেখে গেছেন। জহিরুল হক ফুটবলে যখন তারকাখ্যাতি পেয়েছেন, তখনো দেশ স্বাধীন হয়নি। ক্যারিয়ারের সবচেয়ে বড় সময়টা খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মোহামেডানে ডাক পাওয়ার আগেই পূর্ব পাকিস্তান দলে তার খেলা হয়ে গিয়েছিল। খেলেছেন পাকিস্তান জাতীয় দলে। আগা-গোড়া ডিফেন্ডার ছিলেন। কবির-আশরাফ-মারী ত্রয়ী যখন মাঠ মাতাচ্ছেন, সাদা-কালোর সেই দলের ডিফেন্স সামলেছেন তখন জহির।
১৯৬০ থেকে ১৯৭৬ সাল অবধি খেলেছেন মোহামেডানে। ৭ বার লীগ জিতেছেন। অধিনায়কত্ব করেছেন পাঁচ বছর। ১৯৫৪ সালে তেজগাঁও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব দিয়ে ঢাকার ফুটবলে তার যাত্রা শুরু। ১৯৫৬ সাল পর্যন্ত এই ক্লাবে খেলে পরের দুই বছর খেলেন সেন্ট্রাল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে। পুলিশ দলে খেলেন ১৯৫৯ সালে। পূর্ব পাকিস্তান দলে খেলেছেন ১৯৫৭-৬০ পর্যন্ত। ’৬০ সালে ছিলেন পূর্ব পাকিস্তান দলের অধিনায়ক। পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ১৯৬১ সালে ঢাকা ও চট্টগ্রামে দুটি ম্যাচ খেলেন বার্মার সঙ্গে। ১৯৬২ সালে খেলেছেন মালয়েশিয়ার মারদেকা কাপে। ওই বছর জাকার্তা এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা হয়েছে। ১৯৬৪ সালে খেলেছেন চীনের পিকিংয়ে (এখন বেইজিং) দেশটির স্বাধীনতা দিবস টুর্নামেন্টে। ওই টুর্নামেন্টে তিনি ছিলেন পাকিস্তান দলে পূর্ব পাকিস্তানের একমাত্র খেলোয়াড়। ১৯৬৫ সালে রাশিয়ার বাকু অয়েল মিল দলের বিপক্ষে ঢাকা, চট্টগ্রাম ও করাচিতে খেলেছেন পাকিস্তান জাতীয় দলের জার্সিতে। পাকিস্তানের স্বাধীনতা দিবস ফুটবলের ১৩টি ফাইনাল খেলা ফুটবলার তিনি। চারবার আগা খান গোল্ডকাপে ফাইনাল খেলেছেন। মোহামেডানের হয়ে দুবার তাতে চ্যাম্পিয়ন। ১৯৬৪ সালে ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ফুটবলার হন। ২০০১ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। জন্ম ১৯৩৫ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। শুক্রবার ছিল তার ৮৯তম জন্মদিন। এদিনই হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় ছিলেন তিনি! ছেলে রেজওয়ানুল হক জানিয়েছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ জোহর তাঁর প্রথম জানাজা হয় আনসার ক্যাম্পের পাশের মসজিদে। দ্বিতীয় জানাজা হয়েছে সন্ধ্যায় মণিপুরিপাড়ায় খেজুরবাগান জামে মসজিদে। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।











































