Home খেলাধুলা বর্ষসেরা দলে মেসি, বাদ পড়ে রোনালদোর ‘কাণ্ড’

বর্ষসেরা দলে মেসি, বাদ পড়ে রোনালদোর ‘কাণ্ড’

43

স্পোর্টস ডেস্ক

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে সেখানে নেই পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। একই সংস্থার ২০২৩ সালের সেরা ১০ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পাননি রোনালদো। পরে এ সংক্রান্ত একটি পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট ও লজ্জায় চোখ ঢাকার ইমোজি দিয়ে ক্ষোভ প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ‘সিআর সেভেন’ খ্যাত তারকা। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করে আইএফএফএইচএস। তাদের ২০২৩ সালের বর্ষসেরা একাদশের ১১ জনের মধ্যে ১০ জনই বর্তমানে ইউরোপের ক্লাবে খেলেন। ব্যতিক্রম শুধু মেসি, যিনি গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। সবচেয়ে বেশি পাঁচজন খেলোয়াড় ম্যানচেস্টার সিটির, তিনজন বায়ার্ন মিউনিখের, একজন করে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মায়ামির। এই একাদশের আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং ব্রট হালান্দ। গত বছর অবশ্য এই তিনজনের থেকে বেশি গোল করেন রোনালদো।
ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা হালান্দ ৫০টি, ফ্রান্সের এমবাপ্পে ও ইংল্যান্ডের কেইনের গোল ৫২টি করে।

আর সৌদি ক্লাব আল নাসরে খেলা রোনালদোর গোল ৫৪টি।
মাঝমাঠে মায়ামির ইতিহাসে প্রথম ট্রফি জেতানো মেসির সঙ্গে রয়েছেন সিটির হয়ে ট্রেবল জেতা কেভিন ডি ব্রুইনা ও রদ্রি এবং রিয়াল মাদ্রিদে দারুণ ছন্দে থাকা জুড বেলিংহাম।
রক্ষণভাগে আছেন বায়ার্ন মিউনিখের কানাডিয়ান তারকা আলফোনসো ডেভিস ও দক্ষিণ কোরিয়ার কিম মিন-জে ও সিটির রুবেন দিয়াজ। আর গোলপোস্ট সামলাবেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।
আইএফএফএইচএস বর্ষসেরা দল
এডারসন (ব্রাজিল), রুবেন দিয়াজ (পর্তুগাল), কিম মিন-জে (দক্ষিণ কোরিয়া), আলফোনসো ডেভিস (কানাডা), রদ্রি (স্পেন), জুড বেলিংহাম (ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), লিওনেল মেসি (আর্জেন্টিনা), হ্যারি কেইন (ইংল্যান্ড), আর্লিং ব্রট হালান্দ (নরওয়ে) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।