স্পোর্টস রিপোর্টার
ধূসর ব্লেজার, টাই, কারও কারও চোখে সানগ্লাস- একে একে একাডেমির ভবন থেকে বের হয়ে আসছেন তরুণ ক্রিকেটাররা। চলাফেরা বা কথা বলায় সাবলীল। হাঁটা-চলাতেও আত্মবিশ্বাসের ছাপ। এই তরুণ দলটিই যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে। দেশ ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা মাঠে অফিসিয়াল ফটোসেশন। সেখানে দারুণ উৎসাহ নিয়ে অংশ নিয়েছে টাইগার যুবারা। রোমাঞ্চিত এতটাই যে ছবি তোলার আগে পোশাকটাও ঠিক করে দিতে হচ্ছে দলের নির্বাচক হান্নান সরকারকে। আইসিসি’র বৈশ্বিক এই আসরে শিরোপা বাংলাদেশে এসেছে ২০২০ এ আকবর আলী, তানজিদ তামিম, তানজিম সাকিব, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলামদের হাত ধরে। তখন থেকেই এই আসর ঘিরে টাইগারদের বড় স্বপ্ন। সফরে যাওয়ার আগে সেই স্বপ্ন বড় হয়েছে যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায়।
এবার তাদের বিশ্বকাপের শিরোপা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। তবে হঠাৎ করেই বিশ্বকাপের ভেন্যু বদল হওয়াতে দলের কোচিং স্টাফদের জন্য চ্যালেঞ্জ। প্রোটিয়াদের মাটিতে ব্যাটিং নিয়ে ভাবনা থাকছে শেষ মুহূর্তে এসেও। তাই দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফরকেই কঠিন চ্যালেঞ্জটা নিতে হচ্ছে। এ নিয়ে তিনি বলেন, ‘ছেলেরা চাপ নিয়ে খেলুক, তা চাইবো না। ফল কেমন হবে, তা নিয়ে না ভাবুক। ওরা কিন্তু এভাবে খেলেই এশিয়া কাপ জিতেছে, বাংলাদেশের প্রথম দল হিসেবে এই অর্জন করলো। আমাদের তাই ওদের ওপর আস্থা রাখতে হবে।’
বিশ্বকাপের ভেন্যু শেষ মুহূর্তে বদলে যাওয়ায় অবশ্য একটু সমস্যা হয়েছে। বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। আইসিসি’র নিষেধাজ্ঞায় বিশ্বকাপ সেখান থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকায়। দুই দেশের কন্ডিশনে যে আকাশ-পাতাল পার্থক্য, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। যে কারণে শেষ মুহূর্তে এসে যুব দলের সামনে বড় পরীক্ষার মিশন হয়েছে এই আসর। তবে তাদের ওপর এক ফোঁটাও আস্থা হারাতে চান না ওয়াসিম জাফর। ছেলেরা যে কষ্ট করেছে তা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী এই কোচ। তিনি বলেন, ‘ছেলেরা অনেক কষ্ট করেছে। নিজেরাই নিজেদের গড়ে তুলেছে। যে জায়গায় আমরা ওদের দেখতে চেয়েছি, ওখানে পৌঁছেছে।’ ভেন্যু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং কোচ বলেন, ‘ভেন্যু বদলে যাওয়ায় সমস্যা হয়েছে এটা ঠিক। শ্রীলঙ্কার কন্ডিশনে উপমহাদেশের স্বাচ্ছন্দ্য পাওয়া যেত। কিন্তু হুট করে বদলে যাওয়ায় সেটা কঠিন হবে। তবে সেটা সবার জন্যই প্রযোজ্য। আমি বিশ্বাস করি, এই দলের সে সামর্থ্য আছে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার, ভালো করার।’
দক্ষিণ আফ্রিকায় ২০শে জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে রোববার দিবাগত রাত ১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে এক সপ্তাহের মতো ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগেভাগেই দেশ ছাড়ছে যুব ক্রিকেট দল। ১১ই জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে যুবারা একটি আনঅফিশিয়াল ম্যাচ খেলবে। এরপর ১৪ই জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ই জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাহফুজুর রহমান রাব্বিরা। ১৯শে জানুয়ারি বিশ্বকাপের পর্দা উঠবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতার পর দলের আত্মবিশ্বাসটা এখন দারুণ। যুব বিশ্বকাপের শিরোপা আগেও জিতেছে বাংলাদেশ। গত আসরে অবশ্য হতাশ হতে হয়েছে। সেই টুর্নামেন্টে দলের সঙ্গে ছিলেন আরিফুল ইসলাম। এবারও আছেন তিনি। ভালো কিছু করার প্রত্যয়ই তার কণ্ঠে। তিনি বলেন, ‘এশিয়া কাপ ভালো গেছে। আমরা এখন আরও ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে চাই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। ম্যাচে যেন ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আমাদের লক্ষ্য।’
দলটির প্রধান কোচ স্টুয়ার্ট ল জানিয়েছেন ম্যাচ ধরে ধরে পারফর্ম করেই তারা টুর্নামেন্টে এগিয়ে যেতে চান। তার কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ন। অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২০ তারিখে, ভারতের বিপক্ষে। ওই ম্যাচের পর ওখানেই তা শেষ। এরপর আবার পরের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবার একটি করে ম্যাচ, সেই একই পুরোনো কথা। তবে প্রক্রিয়া অনুসরণে কঠোর পরিশ্রম করতে হবে।’











































