Home খেলাধুলা দিনিজকেও ছাঁটাই করলো ব্রাজিল, নতুন কোচ কে?

দিনিজকেও ছাঁটাই করলো ব্রাজিল, নতুন কোচ কে?

41

স্পোর্টস ডেস্ক

কথা ছিল, কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ফার্নান্দো দিনিজ। আনচেলোত্তি রিয়ালের কোচ হিসেবে চুক্তি নবায়ন করার পর দিনিজের স্থায়ী নিয়োগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেটা আর হচ্ছে না, দিনিজকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ সূত্রের বরাত দিয়ে দিনিজের ছাঁটাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, দিনিজ ছাঁটাই হওয়াতে সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এরই মধ্যে সিবিএফ সভাপতি এনদালদো রদ্রিগেজ নাকি সাও পাওলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।
একই প্রতিবেদনে ইএসপিএন ব্রাজিল আরও জানায়, বিনা পয়সায় ডোরিভালকে ছাড়তে রাজি নয় সাও পাওলো। চুক্তি বাতিলের জন্য সিবিএফের কাছ থেকে তারা নাকি ডোরিভালের কাছে ৯ লাখ ২০ হাজার ডলার ফিও দাবি করেছে।
গত জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান দিনিজ। ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্বও পালন করছিলেন তিনি। তার অধীনে ব্রাজিলের চিরায়ত ‘সাম্বা ফুটবল’ ফেরার আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু নেইমারদের কোচ হিসেবে মোটেও ভালো করতে পারেননি তিনি। টানা ব্যর্থতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ছয় নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৪৯ বছর বয়সী দিনিজের অধীন খেলা বাছাই পর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল।

জয় দুই ম্যাচে এবং ড্র করেছে এক ম্যাচে। তবে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হারকে দিনিজের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। সেই ম্যাচের পর ব্রাজিলুসমর্থকদের ক্ষোভের মুখে পড়েন দিনিজ।
ব্রাজিল ফুটবলে নাটকের যেন শেষ নেই। গত মাসে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় সিবিএফ সভাপতি রদ্রিগেজকে। এরপর ফিফা থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয় তাদের। বাইরের হস্তক্ষেপে নিষেধাজ্ঞায় শঙ্কায় পড়ে ব্রাজিল। এর মধ্যে আদালতের নির্দেশেই আবার সভাপতি পদে ফিরে আসেন রদ্রিগেজ।