Home খেলাধুলা হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ড পাকিস্তানের

হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ড পাকিস্তানের

36

স্পোর্টস ডেস্ক

গতকাল সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ফিফটি করেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ২৮ বছরের বেশি সময় ধরে পরাজয়ের ধারাও অব্যাহত থাকলো এই হারে। সর্বশেষ ১৯৯৫ সালের ডিসেম্বরে মুশতাক আহমেদের দুর্দান্ত বোলিংয়ে এই সিডনিতেই জয় পায় পাকিস্তান। এরপর তারা হারলো টানা ১৭ টেস্টে। টেস্ট ইতিহাসেই আর কোনো দল কোনো দেশে টানা এত ম্যাচ হারেনি।
ম্যাচের চতুর্থ দিনেই জয়ের পথে ছিল অজিরা। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ৬৮ রানে ৭ উইকেট তুলে নেয় তারা। এরপর গতকাল বাকি ৩ উইকেটে আরও ৪৭ রান সংগ্রহ করে শান মাসুদের দল। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১১৫ রানে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের।
ওভারপ্রতি পাঁচের বেশি রান তুলে সহজেই সেটা টপকে যায় অস্ট্রেলিয়া।

রান তাড়ায় প্রথম ওভারেই বিদায় নেন উসমান খাজা। তবে ওয়ার্নার ও মার্নাস লাবুশানের জুটিতে চাপ সৃষ্টি হয়নি অজি ড্রেসিংরুমে। দুই পাশ থেকেই স্ট্রোকের মহড়া চালিয়ে স্কোরবোর্ড সচল রাখেন তারা।
সবার দৃষ্টি ছিল মূলত ওয়ার্নারের দিকেই। তার প্রতিটি শটেই ছিল বাড়তি করতালি ও হর্ষধ্বনি। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ব্যাটিং করতে নামা ওয়ার্নার যেন ফিরে যান নিজের সেরা সময়ে। স্বভাবজাত ব্যাটিংয়েই ৫৬ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি।

 

লাঞ্চ বিরতির পর সাজিদের বলে পরাস্ত হন ওয়ার্নারও। যদিও লেগ বিফোর উইকেটের আবেদনে আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। আউট নিশ্চিত হতেই পাকিস্তানের ক্রিকেটাররা সবাই এসে হাত মেলান, পিঠ চাপড়ে দেন ওয়ার্নারকে। লাবুশানে জড়িয়ে ধরেন তাকে, ২৫ হাজার দর্শকের করতালিতে মাঠ ছাড়েন। ওয়ার্নার ফেরার পরের ওভারেই জয় পায় অস্ট্রেলিয়া। ৯ চারে ৭৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন লাবুশানে। আর ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৭ রান।
এর আগে গতকাল দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল সকালে অনেকটা সময় লড়াই করেন। তাদের জুটিতে দলের রান পেরিয়ে যায় একশ। নাথান লায়ন রিজওয়নাকে ফিরিয়ে তাদের ৪২ রানের জুটি ভাঙেন। ২৮ রান করেন রিজওয়ান। এরপর ৬ রানে বাকি ২ উইকেট হারায় পাকিস্তান।